মুফতি আমিনীর অনুসারীদের মঙ্গলবার ঈদ পালন
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও তার অনুসারীরা মঙ্গলবার দেশের বিভিন্নস্থানে ঈদ পালন করেছেন।
সরকারিভাবে আগামীকাল বুধবার ঈদ ঘোষণা করা হলেও ফজলুল হক আমিনী রাজধানীর বড় কাঁটরা জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেন।
টেলিফোনে আলাপকালে নফহবংি২৪.পড়স কে ফজলুল হক আমিনী বলেন, তিনি রাজধানীর বড় কাঁটরা জামে মসজিদে ঈদের জামাতে ইমামতি করেছেন । তিনি আরো বলেন, “আগামীকাল বুধবারের ঈদ কোন ঈদ নয়। আর একারণে দেশের সব মুসলমানকে গুণাহ-র ভাগিদার করেছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এবং সরকার।”
মাওলানা আমিনী বলেন, তার কথা অনুযায়ী তার পরিবারের সব সদস্য, আত্মীয়-স্বজন এবং অনুসারীরা ঈদ পালন করেছেন । পুরান ঢাকা, শ্যামপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, ময়মনসিংহ, যশোর, বরিশালসহ দেশের শতাধিক যায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নিজের বক্তব্যের সমর্থনে আমিনী বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় যে চাঁদ দেখা গেছে তা দ্বিতীয় দিনের।”
তিনি আরো বলেন, মঙ্গলবার অনুষ্ঠিত ঈদের জামাতে বিভিন্ন স্থানে বাধা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
এর আগে সোমবার রাতে রাজধানীর লালবাগ পোস্তা শাহী জামে মসজিদে এক সাংবাদিক সম্মেলনে আমিনী দাবি করেন যে নগরীর মোহাম্মদপুর, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও পটুয়াখালীর সাধারণ মুসল্লীরা চাঁদ দেখার কথা টেলিফোনে তাঁকে জানিয়েছেন।
নফহবংি২৪.পড়স যশোর প্রতিনিধি জানান, জেলার মনিরামপুরের মাদানিনগর মাদ্রাসায় মুফতি ফজলুল হক আমিনীর অনুসারীরা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ঈদের নামাজ আদায় করেছেন। জামাতে ইমামতি করেন ইসলামী ঐক্যজোট সাংসদ মুফতি ওয়াক্কাস।
