২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক নেতারা

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এদের মধ্যে আছেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট এএনএম ইউছুফ, জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী প্রমুখ।  

ঈদ শুভেচ্ছা বার্তায় মেয়র সাদেক হোসেন নগরীতে বসবাসরত সর্বস্তরের জনগণের নিরবচ্ছিন্ন সুখ--স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও সুখী--সমৃদ্ধ জীবন কামনা করেন। তিনি সিটি কর্পোরেশন পরিচালিত কর্মকাণ্ডে নগরবাসীর অব্যাহত সহযোগিতাও কামনা করেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক বিবৃতিতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকার একগুয়েমির পথ ছেড়ে সোমবারের সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন করে জনজীবনে ঈদের আনন্দ পেতে সাহায্য করবেন বলে দেশবাসীর প্রত্যাশা।

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এএনএম ইউছুফ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগ ঘোষিত ১৬০ আসনের প্রার্থীদের নিজ নিজ এলাকার গরীব মানুষের পাশে দাঁড়ানো ও নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, ঈদের এই খুশীর দিনে জাতিকে সত্য, সুন্দর ও কল্যাণের সুরভী মাখা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার দৃপ্ত শপথ নিতে হবে।