২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহপরিচারিকা নির্যাতিত

সাভার পৌর এলাকায় স্মরণিকা মহল্লায় মোবাইল চুরির অভিযোগে এক গৃহ পরিচারিকার ওপর শারিরীক নির্যাতন চালানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, আসমার বেগম (৩০) নামে ওই গৃহ পরিচালিকা শুক্রবার রাতে বেতনের টাকা আনতে গেলে গৃহকর্তা বাবু মোবাইল চুরির অভিযোগ এনে তাকে মারধর শুরু করেন। পরে একই পরিবারের নূরজাহান, জোৎস্না, রুমা, ফারুক ও শামসুল ইসলাম বাবুর সাথে যোগ দেয়।

এক পর্যায়ে আসমা অচেতন হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় সুপার ক্লিনিকে ভর্তি করে।

এ ব্যাপারে ক্লিনিকের চিকিৎসক খোরশেদ আলম জানান, আসমার গোপনাঙ্গ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শনিবার সাভার থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসআই রেজাউল করিমকে ১০ হাজার টাকা ঘুষ দেন। পরে তারা সন্ধ্যায় স্থানীয় সালিশের মাধ্যমে ১৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন।

এসআই রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সংবাদ না লেখার অনুরোধ জানান।

এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে বিষয়টি আমি দেখছি।