২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ডায়রিয়া রোগীর মৃত্যু

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এ কথা স্বীকার করলেও সিভিল সার্জন ডা. মোঃ আঃ মালেক বলেছেন, জেলার কোথাও কারো ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মতো তথ্য তার দপ্তরে নেই।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

হাসপাতাল সূত্র জানায়, ধান গবেষণা রোডের বাসিন্দা রং মিস্ত্রি ইউনুস হাওলাদারের স্ত্রী নাজমা আক্তার শনিবার ভোর রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। সকালের দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে তার মৃত্যু ঘটে।

মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাজমা আক্তারের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, সেপ্টেম্বরে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬ রোগী চিকিৎসা নিয়েছেন। এ মাসের ২০ অক্টোবর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন আরো প্রায় দুশ জন।

তিনি আরো জানান, হাসপাতালের পাঁচ শয্যার কক্ষটিতে বর্তমানে ১৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোঃ আঃ মালেক জানান, রমজান মাসে বাসি ও অপরিচ্ছন্ন খাবার খাওয়ায় লোকজনের মধ্যে পেটের পীড়া দেখা দিয়েছে, যাকে লোকজন ডায়রিয়া বলে মনে করছে।

কিন্তু ডা, মিজানুর রহমান বলছেন, পেটের পীড়া নয়, এটা ডায়রিয়ারই লক্ষণ।