২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

কক্সবাজারে বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন ১৫ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ির পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ধরে হাঁটতে বেরিয়েছিলেন ফাঁসিয়াখালী এলাকার গুলমেহের (৬০), তার ছেলে মোঃ সেলিম (৩৫) ও পুত্রবধূ সাজু বেগম (২৮) এবং পরিবারের অন্য সদস্যরা। তাদের সাথে ছিল সেলিমের ৮ মাসের শিশু পুত্র ইনসানও। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মা গুলমেহের, পুত্র সেলিম ও পুত্রবধু সাজু বেগম। সংকটাপন্ন অবস্থায় নিহত সেলিমের ছেলে ইনসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের আহত অপর ৬ সদস্যকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ঘটনার পরপর চালক ও হেলপার পালিয়ে গেলেও মাইক্রোবাসটি এখনো ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে মহাসড়কের হারবাং এলাকায়। একটি যাত্রীবাহী চাঁদের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাঁদে পড়ে গেলে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী (৩০) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন  আরো ৮ জন।