২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে প্রতিদিন ৩৪০ শিশু ডায়রিয়ায় মারা যায়: অক্সফাম

বাংলাদেশে প্রতিদিন অন্তত ৩৪০টি শিশু ডায়রিয়ায় মারা যায়। বৃহস্পতিবার নয়াদিল্লীতে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক জরুরি সাহায্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে একথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ওই প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতি সম্পর্কে বলা হয়, ৪০ শতাংশ বিদ্যালয়ে কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনা দিতে গিয়ে অক্সফাম জানায়, ভারতের ৩৫ শতাংশ বিদ্যালয়ে লেখার বোর্ড নেই, পাকিস্তানের ৬২ শতাংশ শ্রেণীকক্ষে বিদ্যুত নেই এবং খাওয়ার পানি নেই আফগানিস্তানের ৫২ শতাংশ বিদ্যালয়ে।

তবে ১৯৯০ সাল থেকে ২০০৪ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শিশুর ভর্তির হার ৭৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। মেয়ে ও ছেলে শিশুদের প্রায় সমান হারে বিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রগতির কারণে অক্সফাম ওই প্রতিবেদনে বাংলাদেশের প্রশংসাও করেছে।

ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, দক্ষিণ এশীয় দেশগুলোতে সেবা প্রদানের ক্ষেত্রে ধনীদের বেশি প্রাধান্য দেওয়া হয়। স্বাস্থ্য সেবা খাতে সরকার যে ভর্তুকি দেয় তার অধিকাংশই ধনীদের সেবা দিতে ব্যয় হলেও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অসুস্থতার হার অনেক বেশি।

ওই প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বলা হয়, আর্সেনিকযুক্ত অগভীর নলকূপের কারণে দেশের আড়াই কোটি মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।             

আরও বেশি হারে শিক্ষক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, দুর্নীতি রোধ ও গোষ্ঠীগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানো হলে দক্ষিণ এশিয়ায় জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক অগ্রগতি হবে বলে অক্সফাম ওই প্রতিবেদনে আশা প্রকাশ করে।

প্রতিবেদনে অক্সফাম শিক্ষা, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন সেবাকে শক্তিশালী করতে দক্ষিণ এশীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানায়। এতে বলা হয়, জরুরি সেবা সরবরাহ করতে এ অঞ্চলের সরকার ও দাতা গোষ্ঠীকে সুনির্দিষ্ট রাজনৈতিক প্রতিশ্র“তি দিতে হবে।