আপিল বিভাগে জঙ্গিদের আপিলের শুনানি ৫ নভেম্বর
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ মৃত্যুদণ্ড পাওয়া সাত জঙ্গির আপিল বিষয়ে শুনানি হবে আগামী ৫ নভেম্বর।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তর থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল এবং আসামিপক্ষের আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা নফহবংি২৪.পড়স কে বলেন, জঙ্গিদের বিষয়টি মীমাংসার জন্য ৫ নভেম্বর নির্ধারিত হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সিদ্ধান্তের পরই জানা যাবে জঙ্গিদের আবেদন আপিল হিসেবে গৃহীত হবে কি-না?
আরেক প্রশ্নের জবাবে হেলালউদ্দিন বললেন, সর্বোচ্চ আদালত ওই আবেদনগুলো বিবেচনায় না নিলে এবং দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির ক্ষমা না চাইলে আবেদন খারিজের এক সপ্তাহ পরেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া সারওয়ার আহমেদ এসব আসামীদের পক্ষ হয়ে কাজ করতে আপত্তি জানিয়েছেন। প্রধান বিচারপতির কাছে লেখা এক পত্রে সারওয়ার আহমেদ বলেছেন, ‘অভিযুক্তরা দুজন বিচারককে হত্যা করাসহ অনেক নিরপরাধ ব্যক্তির উপর হামলা চালিয়েছে। পাশাপাশি এসব ব্যক্তি প্রচলিত আইনে বিশ্বাস করে না বলে আমি তাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে চাই না’।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির দুই বিচারক জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদকে গাড়ি বোমার আঘাতে জেএমবির জঙ্গিরা হত্যা করে।
২০০৬ সালের ২৯ আগস্ট ঝালকাঠির একটি আদালত শায়খ ও বাংলা ভাইসহ সাত জঙ্গিকে বিচারক হত্যা মামলায় ফাঁসির আদেশ দেয়। ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ নিশ্চিত করে।
মানুষের তৈরি কোনো আদালতে আপিল করবে না বললেও মৃত্যুদণ্ড পাওয়া ছয় জঙ্গির দুইজন আবেদন করে। শায়খ ও বাংলা ভাইসহ চারজন আদালতের কাছে নিজেদের ভাষায় বক্তব্য দেয়। তাদের এ বক্তব্য আবেদন হিসেবে গৃহীত হবে কি-না ৫ নভেম্বর সে সম্পর্কে সিদ্ধান্তই দেবে আপিল বিভাগ।
