২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

শহরের গোয়ালচামট এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের হামলায় বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোতোয়ালি থানার সভাপতি অরুণ সাহা আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোকন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানায় দায়ের করা মামলার বিবরণে জানা গেছে, দূর্গা পুজার শেষ দিনে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল, মিশকাত, অপু, হাসিব, রুবায়েত ও সবুজসহ ১০/১২জন অরুণ সাহার বাড়ির সামনের পুজা মন্ডপে হামলার চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজনের বাধার মুখে তারা ফিরে যায়।

এর জের ধরে রোববার রাতে ওই সন্ত্রাসীরা অরুণ সাহার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সোমবার রাতে সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

সন্ত্রাসীদের হামলায় মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অরুণ সাহাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আটজনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতেই একজনকে আটক করা হয়েছে।