২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবায়নে প্রথম বছরেই পিছিয়ে পড়েছে ডিসিসির ‘ক্লিন ঢাকা’ মাস্টার প্ল্যান

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) তত্ত্বাবধানে ও জাপান সরকারের আর্থিক সহায়তায় গৃহীত ১০ বছর মেয়াদী ‘ক্লিন ঢাকা’ প্রকল্প বাস্তবায়নের প্রথম বছরেই পিছিয়ে পড়েছে ডিসিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 03:58 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

২০১৫ সালের মধ্যে ঢাকাকে বর্জ্যমুক্ত রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি) ‘মাস্টার প্ল্যান অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন ঢাকা সিটি’ শীর্ষক একটি দীর্ঘমেয়াদী (২০০৬-২০১৫) পরিকল্পনা প্রণয়ন করে। এই পরিকল্পনাটি গত বছরের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে ডিসিসির কাছে হস্তান্তর করা হয়।

পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়ের প্রথম বছর শেষ হতে চললেও ডিসিসি এখনও তার পুরনো লোকবল ও উপকরণ দিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। কাজের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে ধীরগতির। জাইকার পরিকল্পনায় তিনটি বিভাগে ৬৬টি প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও ডিসিসি গত প্রায় এক বছরে শুধু ওয়ার্ডভিত্তিক বর্জ্য নিষ্কাশন, ডাম্পিং এরিয়া স্থাপনসহ চারটি বিষয়ে কাজ শেষ করেছে। কিন্তু নগরবাসী এই কাজগুলো থেকে আশানুরূপ উপকার পাচ্ছেন না। তাদের অভিযোগ, এখনো শহরের বিভিন্ন জায়গায় আগের মতোই দিনের পর দিন ময়লা--আবর্জনা জমে থাকছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। শুরুতেই মাতুয়াইল ও আমিনবাজারে দুটি ডাম্পিং এরিয়া (ল্যান্ড ফিল্ড) তৈরির কথা থাকলেও শুধু মাতুয়াইলে এর একটি স্থাপন করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মাতুয়াইলে ডাম্পিং এরিয়া স্থাপনের ফলে সেখানকার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। তবে আমিন বাজারে এখনও আগের মতোই বর্জ্য ফেলা হচ্ছে। ফলে আশেপাশের এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।

এ প্রসঙ্গে আমিন বাজার আনোয়ার ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কালাম বলেন, কয়েক বছর ধরে ডিসিসি এখানে খোলা স্থানে ময়লা ফেলছে। ফলে প্রচণ্ড দুর্গন্ধে পুরো এলাকার মানুষের জীবন অতিষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করেও কাজ হয়নি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ বলেন, পরিকল্পনা অনুযায়ী আমরা অনেকটা এগিয়েছি। তবে কিছূ কিছূ ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে আশানুরূপ অগ্রগতি নাও হতে পারে। যেমন, আমিন বাজারের ডাম্পিং এরিয়া তৈরি হয়নি। সেটা হলে এখন যতোটা সমস্যা হচ্ছে তা আর হবে না। এর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জাইকা আমাদের কাজে সন্তুষ্ট। তাদের সাথে এ মাসেই আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনা আছে।

তবে জাইকা ডিসিসির সাথে কি কি প্রকল্প সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে পারে তিনি সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। 

এ ব্যাপারে জাইকার প্রোগ্রাম অফিসার সোনিয়া তাহেরা কবির বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা থাকলেও আমরা ‘ক্লিন ঢাকা’ পরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী। 

ডিসিসির পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার টন বর্জ্য ফেলা হয়। এর অধের্কের বেশি অপসারণ করে ডিসিসির পরিচ্ছন্নতা বিভাগ, প্রায় ১০ ভাগ বর্জ্য টোকাইরা নিয়ে যায়, আর বাকি অংশ উন্মুক্ত স্থান, জলাশয়, ড্রেনসহ বিভিন্ন জায়গায় জমা হয়।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা বিভাগে দিনপ্রতি কাজের হিসেবে বেতনভিত্তিতে কর্মচারী আছে চার হাজার ৭শ’ ৯৯ জন। এদের মধ্যে নিয়মিত দুই হাজার ৩শ’ ৫৭ জন। প্রতিদিন সাড়ে চার হাজার ডাস্টবিন, প্রায় তিন হাজার হাতে ঠেলা ট্রলি, দেড় টনের ১শ’ ১টি ট্রাক, তিন টনের ১শ’ ৫টি ট্রাক, পাঁচ টনের ৩৬টি ট্রাক এবং ২৫টি ডাম্প ট্রাকের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীরা ঢাকা শহরে জমাকৃত বর্জ্য অপসারণ করছে।

তবে পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই নিয়মিত কাজ না করায় নগরীর পরিষ্কার--পরিচ্ছন্নতা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।