তালার মহিলা কলেজ হোস্টেলে যুবদল ও ছাত্রদলের সহায়তায় পুলিশের হামলা
আদালতের নোটিশে উচ্ছেদের নামে তালা উপজেলার কুমিরা মহিলা কলেজ হোস্টেলে রোববার ছাত্রদল ও যুবদল ক্যাডারদের সহায়তায় পুলিশ ছাত্রীদের উপর হামলা চালিয়েছে।
হামলার সময় ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুলিশের প্রহারে বেশ কয়েক ছাত্রী আহত হয়। তাদের পরীক্ষার প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বই-খাতা, মোবাইলফোন সেট, নগদ টাকা ও কাপড়-চোপড়সহ সব মূল্যবান সম্পদ লুট করা হয়।
সূত্র জানায়, মামলাধীন একটি জমির উপর অবস্থিত কুমিরা মহিলা কলেজের ছাত্রী হোস্টেল। জমিটি নিয়ে দীর্ঘদিন মামলা চলে আসছে।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টার দিকে আদালতের উচ্ছেদ নোটিশ বাস্তবায়নের নামে সাতক্ষীরার একটি আদালতের নাজির শেখ ওয়াছেক বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ওই হোস্টেলে উপস্থিত হন। এসময় নাসির ও কামালের নেতৃত্বে ছাত্রদল ও যুবদল ক্যাডারসহ বিপুল সংখ্যক ভাড়াটে লোক সেখানে জড়ো হয়। একপর্যায়ে শ্যামল ঘোষের বিশাল বাড়িসহ সকল সম্পদ মুহূর্তেই দখল হয়ে যায়। এর পর হামলা চালানো হয় হোস্টেলের ছাত্রীদের ওপর। উল্লেখ্য,শ্যামল ঘোষের বাড়ির একটি অংশে ওই হোস্টেলটি অবস্থিত।
এসময় হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের উপর পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডারার যৌথভাবে হামলা চালিয়ে তাদের বেধড়ক লাঠিপেটা করে। এই তান্ডব চলার সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান খোশমেজাজে ঘটনাস্থলের পাশে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হোস্টেলের ছাত্রীরা জানান, পুলিশ ও ছাত্রদল ক্যাডারদের হামলায় তন্ত্রাপাল, যমুনা, জবা, প্রভাতী, সুজতা, পুর্ণিমা, শ্যামলী, রিজিয়া, তৃষ্ণা, শিউলি, ডলি, জলি, মনোয়ারা, উর্মি, রেশমা ও বিলকিসসহ আরো বেশ কয়েক ছাত্রী নির্যাতনের শিকার হন।
এদের শারীরিকভাবেও অপমানিত করা হয়েছে বলে ছাত্রীরা অভিযোগ করেন। তাদের অনেকেরই ডিগ্রী পরীক্ষা চলছিলো। কিন্তু অধিকাংশেরই আর পরীক্ষা দেওয়া হয়নি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ লুৎফেয়ারা বেগম লাভলি বলেন, তার কাছে উচ্ছেদের কোন নোটিশ আসেনি। তিনি এই তান্ডবের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিচার দাবি করেন।
স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ছাত্রীদের উপর এমন নারকীয় হামলার জন্য দায়িদের অবশ্যই বিচার করতে হবে। আদালতের নাজির শেখ ওয়াছেককে তিনি প্রতারক হিসেবে উল্লেখ করেন।
এদিকে ঘটনার পর নির্যাতনের শিকার ছাত্রীদের কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। সবকিছু হারিয়ে তারা সেখানে বর্তমানে এক বস্ত্রে অবস্থান করছে।
নির্যাতনের শিকার ছাত্রীরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কর্তৃপক্ষকে দায়ি করেছেন।
