১০ অক্টোবর থেকে বিমান অচল করে দেওয়ার কর্মসূচি প্রত্যাহার
সরকার বিমানের তারল্য সংকট নিরসন ও দুর্নীতি রোধসহ বাংলাদেশ বিমান সম্মিলিত সংগ্রাম পরিষদের দাবি মেনে নিয়েছে। এদিকে সরকারের সাথে ফলপ্রসু বৈঠকের পর রোববারই সংগ্রাম পরিষদ তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
রোববার সচিবালয়ে পরিষদের নেতাদের সাথে আলোচনার পর বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
দ্বিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে দুর্নীতি, অযোগ্যতা ও অদক্ষতার কারণে বিমান পরিচালনা পর্ষদে সংস্কার করা হতে পারে।
এসব দাবি পুরণে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর থেকে বিমান অচল করে দেয়ার পূর্বঘোষিত কর্মসূচির কারণে সৃষ্ট অস্থিরতার আপাতঃ নিরসন হলো।
সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমান প্রতিমন্ত্রী ও সংগ্রাম পরিষদের নেতাদের সাথে প্রায় তিন ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক ক্যাপ্টেন হেলালউদ্দিনের নেতৃত্বে ১০টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন।
এছাড়াও বিমান সচিব এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এমএ মোমেন বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সংগ্রাম পরিষদের প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। তাদের দাবিগুলোর সাথে সরকারও একমত। কারণ এসব দাবি বিমানকে রক্ষা এবং ব্যবসায়িকভাবে লাভবান করার পক্ষে। তাই তাদের সকল দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সংগ্রাম পরিষদের দাবি অনুযায়ী বিমানকে সচল করা, আর্থিক সংকট দূর করতে সরকারি অর্থ বরাদ্দ, নতুন জাহাজ সংযোজনের পূর্ব পর্যন্ত ইজারায় জাহাজ সংগ্রহ এবং দুর্নীতি রোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এসব সিদ্ধান্ত কার্যকর করতে বেশ সময় লাগবে। তিনি জানান, বিমানের বর্তমান অবস্থা থেকে উত্তরণে প্রতিশ্র“ত বাকী ৫৫০ কোটি টাকা চেয়ে রোববারই অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
এর আগে সংগ্রাম পরিষদের আন্দোলনের মুখে বিমানকে ১৫০ কোটি টাকা দেয়া হয়।
তিনি জানান, ইতোমধ্যে বিশ্বব্যাংক বিমানকে পুনর্গঠন ও ব্যবসায়িকভাবে লাভবান করতে নিজেদের পরামর্শক নিয়োগের শর্তে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন দিক পরীক্ষা - নিরীক্ষা করে দেখছে। এসব শেষ করতে প্রায় তিন মাস লাগবে। তাদের কাজ শেষ হলেই কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
তবে নতুন জাহাজ সংযোজনের ক্ষেত্রে বেশ সময় লাগবে। কারণ প্রতিটি প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জাহাজ হঠাৎ করে কেনার মতো আর্থিক অবস্থা বর্তমানে নেই।
এদিকে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ক্যাপ্টেন হেলাল আলোচনা ফলপ্রসু হয়েছে বলে উল্লেখ করে সাংবাদিকদের জানান, বিমানের তারল্য সংকট থাকবে না বলে মন্ত্রী তাদের জানিয়েছেন। একই সাথে অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাদ দিয়ে সোমবার বা মঙ্গলবারের মধ্যে বিমান পরিচালনা পর্ষদ সংস্কার করা হবে। এক্ষেত্রে বিমানের ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করবেন।
তিনি জানান, সরকারের সাথে ফলপ্রসু আলোচনার কারণে সংগ্রাম পরিষদ সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
