২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবলীগ নেতা খুন

জেলার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হেদায়েত উল্লাহ হেদু (৩৫) খুন হয়েছেন। তাকে জামায়াত - শিবির ক্যাডাররা অপহরণ করে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে জামাত নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার শাকতলা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে যুবলীগ নেতা হেদায়েত উল্লাহ হেদু বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধোরকড়া বাজারের নিজস্ব ফার্নিচারের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে জগন্নাথদীঘি ইউনিয়নের পায়ের খোলা গ্রামে নিয়ে যায়। বেদম পিটুনি দিয়ে তারা তাকে রাস্তার পাশে ফেলে রাখে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে আহত যুবলীগ নেতাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা এ ঘটনার জন্য জামায়াত-শিবির ক্যাডারদের দায়ী করেছে।

তবে চৌদ্দগ্রামের জামাতের আমীর শাহজাহান বলেন, এ ঘটনার সাথে জামাত বা শিবিরের কেউ জড়িত নয়। কে বা কারা হত্যা করেছে তা তিনি জানেন না।

চৌদ্দগ্রাম থানার ওসি আবুল কাশেম যুবলীগ নেতার খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও কেউ মামলা করেনি।

এদিকে চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের সভাপতি সোবহান ভূঁইয়া বলেছেন, শুক্রবার জুমার নামাজের পর এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে।