২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৫ জনের ১০ বছর করে সশ্রম কারাদন্ড

কিশোরগঞ্জের প্রথম দায়রা জজ আদালতের বিচারক শামছুল হুদা বৃহস্পতিবার একটি হত্যা মামলার রায়ে দোষী প্রমাণিত হওয়ায় ১৫ আসামীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে আব্বাস আলী, ইসলাম, কাদির মিয়া, আবু তাহের, রিয়াজ উদ্দিন, সামছু দফাদার, মজু মেম্বার, সোহরাব মিয়া, সামছুল ইসলাম, আজিজুল হক, ফজলু মিয়া, মিলন মিয়া, মতি মিয়া, শাহজাহান ও মমিন। তাদের মধ্যে শাহজাহান ও সোহরাব মিয়া জামিনে গিয়ে পলাতক থাকায় রায়ের সময় অনুপস্থিত ছিল।

মামলার বিবরণে বলা হয়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ধন্কী বাড়ি গ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২৪ নভেম্বর সকাল ৯টার দিকে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. আব্দুল রহিম (৬৫) নামের এক ব্যক্তিকে গুরুত্বর আহত করে।

সঙ্গে সঙ্গে কটিয়াদি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই আ. সাহিদ বাদী হয়ে ১৯ জনকে আসামী করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে দুই আসামী মামলা চলাকালীন সময়ে ইন্তেকাল করে। বাকি দুই আসামী অব্যাহতি লাভ করে।