২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিথির পর এবার গৃহবধূর আত্মহত্যা

সাভারে বখাটেদের উৎপাতে স্কুলছাত্রী তিথির আত্মহত্যার ১৫ দিন পার হতে না হতেই আত্মহত্যা করলেন গৃহবধূ কোহিনূর।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সাভার থানা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী কোহিনূর বেগম (২২) বৃহস্পতিবার বিষপানে আত্মহত্যা করেন।

নিহতের পরিবার সাভার থানায় হত্যায় প্ররোচনাদানকারী কদম আলী ও তার স্ত্রী-সন্তানকে আসামি করতে চাইলে পুলিশ মামলা না নিয়ে ঘটনাটি অপমৃত্যু মামলা (নং-৩৫) হিসেবে নথিভুক্ত করে।

সোমবার সরেজমিনে গিয়ে ওই গ্রামের বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন কোহিনূরের স্বামী আব্দুল আজিজসহ তার স্বজনদের বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলার জন্য চাপ দিচ্ছে।

এ ব্যাপারে ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, ‘আমরা চাচ্ছি বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট হোক।’

তবে কোহিনূরের শাশুড়ি আজিজুন্নেসা বলেন, ‘আমার ছাওয়ালের বৌ খামাখা মরে নাই। কদম আলী হ্যারে বেইজ্জত করতে চাইছে। হ্যারে উলঙ্গ করছে। এই অপমান সইতে না পাইরা আমার বৌ মরছে।’

কোহিনূরের স্বামী আব্দুল আজিজ জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল আলীর ছেলে কদম আলী (৪০) ও তার স্ত্রী রাশেদা কোহিনূরের ওপর ক্ষেপে ছিল। কদম আলী আজিজের মোবাইল চুরি করলে তার প্রতিবাদ করায় নির্যাতন শুরু হয়। কয়েক মাস ধরেই তারা তাদের দুই সন্তান সুমন ও সুমিকে নিয়ে কোহিনূরকে মারধর করছিল। বুধবার আজিজ কোহিনূরকে রেখে কুষ্টিয়া চলে যায়। এই সুযোগে কদম আলী কোহিনূরকে রাস্তায় ফেলে বেদম মারধর করে এবং বস্ত্রহরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। অপমান সইতে না পেরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কদম আলী যেখানে তাকে লাঞ্ছিত করেছিল সেই স্থানে গিয়ে কোহিনূর বিষপানে আত্মহত্যা করেন।

আব্দুল আজিজ বলেন, ‘আমার দুধের সন্তান পলি (৭ মাস) এবং কবিরকে (৭) আমি কেমনে বাচামু?’

ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, ‘আমাকে ঘটনা অনেক পরে জানানো হয়েছে। এখন পুলিশ মামলা নিয়েছে, তদন্ত হচ্ছে।’

সাভার থানা সূত্র জানিয়েছে, কদম আলী চুরিসহ একাধিক মামলার আসামি। বর্তমানে সে জামিনে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আমীন বলেন, ‘নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।’