২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের লংমার্চের আগে নেতা-কর্মী গ্রেপ্তার: অস্বীকার করেছে পুলিশ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মঙ্গলবার অভিযোগ করেছে, তাদের আগামী ৫ ফেব্রুয়ারি নির্ধারিত লংমার্চ কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার ও সদ্য নিযুক্ত দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবীসহ অন্যান্য দাবী আদায়ে বিরোধী দল ৫ ফেব্রুয়ারির এই লংমার্চ কর্মসূচির আয়োজন করেছে।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান নির্দিষ্টভাবে লংমার্চ সংশ্লিষ্টতার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান।

তিনি বিডিনিউজকে বলেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যেও পুলিশ কোনো ব্যক্তিকে আটক করেনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মঙ্গলবার এক বিবৃতিতে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের তালিকা উল্লেখ করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, মুক্তার হোসেন, আবু সিদ্দিক, ফরিদ হোসেন, নূর আলম মুকুল, সিরাজুল ইসলাম, আমিরুল হক খান বাতেন, আলী আকবর ভূঁইয়া, মাকসুদুর রহমান মাসুম, হাবিবুর রহমান মিজান, হাবিব হাসান ও কামরুজ্জামান বাদল।

পুলিশ দলীয় নেতা-কর্মীদের বাসভবনে তল্লাশি অভিযান চালাচ্ছে বলেও মায়া অভিযোগ করেন।