বর্তমানে দেশে ৯,৯৫৮টি হত্যা মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
দ্রুত বিচার আইন প্রণয়নের পর ২০০৪ সালের জুলাই মাস পর্যন্ত ওই আইনে মোট পাঁচ হাজার ১৪৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮৯০টি মামলার নিষ্পত্তি হয়েছে।
বর্তমানে ওই আইনে মোট ৬৯০টি মামলা বিচারাধীন রয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে দুই হাজার ৬৫টি মামলায় চার হাজার ৯৪০ জন আসামির শাস্তি হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ এমএম শাহীনের এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ একথা বলেন।
মন্ত্রী বলেন, নয়টি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত ৬৫০টি মামলার মধ্যে ৪১৮টি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৩২৯টি মামলায় আসামিদের শাস্তি দেওয়া হয়েছে। আসামিদের ১৯৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
হেলালুজ্জামান তালুকদার লালুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত মোট ১৭৩টি আইন প্রণয়ন করা হয়েছে।
এসএ খালেকের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আদালতের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
অধ্যাপক শহীদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ৭৭৭টি হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশে মোট ৯,৯৫৮টি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
