সীমানা পিলারের পর এবার হুতুম পেঁচার সন্ধানে
সীমানা পিলারের পর এবার হুতুম পেঁচার কদর বেড়েছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায়। রাতারাতি লাখপতি হওয়ার আশায় জেলার বেকার যুবকরা হুতুম পেঁচার সন্ধানে বিভিন্ন ঝোপ-জঙ্গল চষে বেড়াচ্ছে।
সীমানা পিলার, বজ্রপাতে নিহত মানুষের কঙ্গাল এবং টাক মাথায় চুম্বক আছে-এ ধরণের গুজবের মতো বড় আকারের পেঁচার মাথায় ইউরেনিয়াম আছে, এরকম গুজবে কুমিল্লার গ্রামাঞ্চলে হুতুম পেঁচা অনুসন্ধানের হিড়িক পড়েছে।
গুজব ছড়িয়ে পড়ে যে, ভারতের ত্রিপুরার আগরতলায় তিন কেজি ওজনের একটি হুতম পেঁচার দাম তিন লাখ রুপি। এ গুজবের পর কুমিল্লার সীমান্তবর্তী এলাকা শাহাপুর, বিবির বাজার, আমানগন্ডার জঙ্গলসহ গভীর বাগানে হুতুম পেঁচার সন্ধানে যুবকরা ছুটে বেড়াচ্ছে।
ভারতের ত্রিপুরা থেকে গুজব রটে গেছে পেঁচার শরীরে ইউরেনিয়াম আছে।
