৭ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সার্ক বিশেষজ্ঞদের বৈঠক
দুর্যোগ ব্যবস্থাপনা এবং আগাম সতর্কতার ক্ষেত্রে ব্যাপক কাঠামো প্রতিষ্ঠায় ঢাকায় তিন দিনব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সার্কভুক্ত সাতটি দেশের বিশেষজ্ঞরা ৭ ফেব্রুয়ারি থেকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বৈঠকে বসবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বিশেষজ্ঞদের পর্যালোচনার পর প্রস্তুতি কাঠামোটি মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্কের পরিবেশ মন্ত্রীদের বৈঠকে উপস্থাপন করা হবে।
পরিবেশ মন্ত্রণালয় সূত্র জানায়, বিশেষজ্ঞরা দুর্যোগ প্রস্তুতি সংক্রান্ত একটি স্থায়ী আঞ্চলিক কর্মপন্থা নির্ধারণ, জরুরি ত্রাণ এবং দ্রুত পুনর্বাসন নিশ্চিত করার বিষয়েও আলোচনা করবেন।
ভয়াবহ সুনামি ও ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগের দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে সার্কের শীর্ষ নেতারা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।
তারা নিজ নিজ দেশের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে আগাম সতর্কতা, তথ্য বিনিময়, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়সহ দুর্যোগ ব্যবস্থাপানার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় সাধনের ব্যাপারে নির্দেশ দেন।
