ঢাকা-আরিচা মহাসড়কে তামাক বোঝাই ট্রাক উল্টে চালক নিহত
সাভারের কাছে ঢাকা--আরিচা মহাসড়কে তামাক বোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় সোমবার সকাল থেকে মহাসড়কে ৯ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক ওবায়দুল হক (৫০) নিহত হয় এবং চালকের ভাই হেলপার দিদার (৩৫) ও তামাক ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাদেরকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ওবায়দুল কাদের লক্ষ্মীপুরের রামগতি থানার পূর্বচরসিতা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫০ বস্তা তামাক বোঝাই ঢাকাগামী ট্রাকটি (ঢাকা মেট্রো- ট-১১-১৪৭০) উত্তরবঙ্গের হারাগাছ থেকে আসছিলো।
অতিরিক্ত মালবোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
২৫০ বস্তা তামাক রাস্তায় ছড়িয়ে পড়লে বিকেল ৪টা পর্যন্ত ৯ ঘন্টাব্যাপী রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ থাকে। ফলে শত শত যানবাহন রাস্তার দুই পাশে আটকা পড়ে।
স্থানীয় প্রশাসন পুলিশ এবং স্থানীয় লোকজনের সাহায্যে ট্রাকটি সরিয়ে ফেললে মহাসড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
