চট্টগ্রামে পিপি’র বাসায় ডাকাতি
একদল অস্ত্রধারী ডাকাত সোমবার ভোরে বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজার এলাকায় সরকারি কৌসুলি (পিপি) আব্দুস সাত্তারের বাসায় হামলা চালিয়ে নগদ অর্থসহ ছয় লাখ টাকা মূল্যমানের মালামাল নিয়ে গেছে।
পুলিশ ও পিপির পারিবারিক সূত্রে জানা যায়, দশ অস্ত্রধারী ডাকাতের একটি দল সোমবার ভোর ২টার দিকে পিপি ও চট্টগ্রাম বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক সাত্তারের বাসার পাহারাদারকে জিম্মি করে ।
দুই ডাকাত প্রথমে বৈদ্যুতিক তার দিয়ে পাহারাদারকে বাসার প্রধান গেটের সাথে বেঁধে ফেলে। এরপর ডাকাত দলের অন্য সদস্যরা নিচতলার দরজা ভেঙ্গে বাসার ডাইনিং ও ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করে।
ডাকাত দল অস্ত্রের মুখে পিপি সাত্তারসহ বাসার সকল সদস্যকে জিম্মি করে এবং কোন শব্দ করার চেষ্টা করলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
পিপি’র স্ত্রী মরিয়ম বেগম সোমবার দুপুরে বিডিনিউজকে জানান, ডাকাত দল নগদ দুই লাখ টাকা, ৩৫ তোলার সোনার গহনা, চারটি মোবাইল ফোন নিয়ে গেছে।
তিনি বলেন, রাজনৈতিক শত্র“রা এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে কিনা কিংবা এটি শুধু একটি ডাকাতির ঘটনা তা আমরা এখনও জানতে পারিনি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এ ঘটনায় পিপি আব্দুস সাত্তার বাদি হয়ে খুলশি থানায় একটি মামলা দায়ের করেছেন।
