২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার চোরাচালানের নতুন রুট বন্ধ করে দেবে

সরকার জ্বালানি তেল, সার ও সয়াবিন চোরাচালানের আগের ১৩টি রুট বন্ধ করে দেওয়ায় চোরাকারবারিরা বিকল্প রুট ব্যবহার করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চোরাচালান সম্পর্কিত এক বৈঠকে একথা জানানো হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের আইজি এবং র‌্যাব, বিডিআর ও কোস্ট গার্ডের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত এলাকার পাম্পগুলো থেকে জ্বালানি তেল চোরাচালান হয় কিনা তা জানার জন্যে এ পাম্পগুলোকে তদারকির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্র জানায়, ৩১ জানুয়ারির মধ্যে চোরাচালানের নতুন রুট সম্পর্কে রিপোর্ট করার জন্যে কোস্ট গার্ড, নৌ বাহিনী, বিডিআর ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, কর্তৃপক্ষ চোরাচালানের আগের ১৩টি রুট বন্ধ করে দেওয়ায় চোরাকারবারিরা নতুন রুট ব্যবহার করছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। নতুন এসব রুটের মাধ্যমে বিপুল পরিমাণ জ্বালানি তেল, সার ও সয়াবিন তেল পাশ্ববর্তী দেশে পাচার হয়ে যাচ্ছে।

তাছাড়া সীমান্ত এলাকার পাম্পগুলো থেকে জ্বালানি তেল বিক্রির হারও অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি।

বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, সয়াবিন তেল, জ্বালানি তেল ও সার চোরাচালানের ব্যাপারে কোস্ট গার্ড, নৌ বাহিনী ও বিডিআর কর্মকর্তারা একটি সমীক্ষা চালাবেন।

এছাড়াও এ ধরনের কর্মকাণ্ড রোধ করতে তাদেরকে টহল জোরদার করতে বলা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এসব পণ্য চোরাচালান রোধে স্থানীয় লোকজনকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্যে সীমান্ত এলাকার সকল জেলা ও থানার জেলা প্রশাসক ও টিএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রশাসনের দুর্নীতিপরায়ণ কিছু লোকজনের সহায়তায় চোরাকারবারিরা জাহাজের মাধ্যমে এসব পণ্য চোরাচালান করে থাকে।

সরকার টহল ব্যবস্থা জোরদার করায় তারা বিকল্প রুটের মাধ্যমে আমদানি করা এসব পণ্য চোরাচালান করে থাকে।

তবে এ কাজে তারা বড় জাহাজের পরিবর্তে এখন মাঝারি ধরনের জাহাজ ও নৌকা ব্যবহার করে থাকে বলে সূত্র জানায়।

সূত্র আরও জানায়, বেশ কিছু সংখ্যক ব্যবসায়ী ও পাম্প মালিকারা চোরাচালানের সাথে জড়িত থাকায় ব্যবসায়ী সম্প্রদায়কে নিয়ে তা প্রতিরোধের জন্যে জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র আরো জানায়, জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তারা সীমান্ত এলাকার পাম্পগুলোর চাহিদা ও সরবরাহ তদারকি করবেন।