একাধিক হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে ৪ জন গ্রেপ্তার
নরসিংদী সদর থানা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার ফেরারি আসামী মফিজুল ইসলাম খোকন ওরফে লেংড়া খোকন ও তার তিন সহযোগীকে রমনা থানাধীন মধুবাগ এলাকা থেকে রোববার গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্লাট বাড়ি থেকে সন্ত্রাসী মফিজুল ইসলাম খোকন ওরফে ল্যাংড়া খোকন ও তার ঘনিষ্ট সহযোগী নাহিয়ান চৌধুরী ওরফে মনি ও মোঃ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী সন্ত্রাসী আসাদুজ্জামান খানকে রমনা থানাধীন মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে নরসিংদী জেলার সদর ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
