বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত
ঢাকায় পুলিশ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার রাত ও রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে।
রোববার সকাল ১০টায় আদাবরের আক্কাসনগরে রাস্তা পার হওয়ার সময় পুলিশের একটি দ্রুতগামী টহল ভ্যান আকলিমা(৬) নামের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, আকলিমা শিশু শ্রমিকদের স্কুল সুরভী’র প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম সিরাজুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ হাইশ্যায়।
ময়না তদন্তের জন্যে আকলিমার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন কালাকচুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে চান্দিনা যাওয়ার পথে একটি অটোরিক্সাকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার দৌলতপুর গ্রামের মৃত আসমত আলীর মেয়ে রহিমা বেগম (৪৫), একই পরিবারের খোরশেদ আলীর স্ত্রী আফিয়া খাতুন (৪৪) ও শ্যামলী (১১)। দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় তাদেরকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তাদের মৃত্যু হয়।
এছাড়া আহত অবস্থায় একই গ্রামের স্বপন মিয়ার ছেলে মো: ইসহাক (২৫) এবং মৃত সেকেন্দার আলীর মেয়ে ভানু বিবিসহ (৩০) অপর দু’জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অটোরিক্সার চালক পলাতক রয়েছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আরামবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা-ঈশ্বরদী মহাসড়কে শনিবার রাতে শাহদিনের মোটর সাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের মধ্যে স্বাধীন ঘটনাস্থলেই নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে অপর ভাই মারা যায়।
এদিকে রাজধানীর মানিকনগরে শনিবার রাতে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক রিক্সাচালক নিহত হয়েছে। নিহতের নাম আবদুল জব্বার (৪০)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।
দিনভর রিক্সা চালিয়ে রাতে গ্যারেজে রিক্সা জমা দিয়ে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
বিডিনিউজের সাভার প্রতিনিধি জানান, নবীনগর-কালিয়াকৈর সড়কের সাভার পল্লী বিদ্যুৎ এলাকায় ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আব্দুস সাত্তার পিরোজপুরের নজিরপুর থানার কলধনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে বিকাল সোয়া ৩টার দিকে নবীনগরগামী ঝিলমিল পরিবহনের একটি বাসের চাপায় তার মৃত্যু হয়।
বিক্ষুব্ধ জনতা সাথে সাথে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রোববার অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
নিহত রোকেয়া মাহবুব (৬০) শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট পাড়ার মেজর (অব.) মাহবুবার রহমানের স্ত্রী এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকেয়া মাহবুব তার ডায়াবেটিস পরীক্ষা করাতে মাঝিড়া সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাবার জন্য সকালে সাড়ে ৮টার দিকে শহরতলীর ফুলতলায় আসেন।
পরে তিনি বাসে ওঠার জন্যে ঢাকা-রংপুর মহাসড়ক অতিক্রম করার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তির পর সকাল ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
