২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এসিড নিক্ষেপের দায়ে ২ জনের যাবজ্জীবন

বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে রোববার দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এসিড ঢেলে জুলেখা বিবি (৩২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ায় বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের ওসমান আলীর ছেলে বাচ্চু প্রমানিক (৩৮) ও তার বন্ধু একই গ্রামের আবদুল জলিলের ছেলে আকবার আলীকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩১ আগস্ট রাত ১১ টার দিকে ওমর আলী প্রমানিকের স্ত্রী জুলেখা বিবি প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে আসামিরা তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার বুক ও পিঠ ঝলসে যায়। এ ব্যাপারে ওমর আলী বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন, কিন্তু একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।