২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি

মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ ৪১তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

এবছর প্রায় ৬৫ দেশের সাড়ে চার হাজার বিদেশি মেহমান ও তাবলিগ অনুসারিসহ বাংলাদেশের ৪০ লাখ ধর্মপ্রাণ মুসলমান রোববার দুপুরে আখেরি মোনাজাতে শরীক হয়ে মুসলিম জাহানের সুখ শান্তি সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ, সৌভ্রাতৃত্ব জোরদার এবং পারস্পারিক সম্পর্ক সাহায্য সহযোগিতা কামনা এবং বসনিয়াসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্যে মহান আল্লাহ তাালার দরবারে মোনাজাত করা হয়। মুসল্লিরা সকল অপশক্তির হাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষার জন্যে এবং দেশে চলমান আত্মঘাতী বোমা হামলা যাতে বন্ধ হয় সে ব্যাপারে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়ে মোনাজাত করেন। রোববার বেলা ১২টা ৪০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১২টা ৫৫ মিনিটে মোনাজাত শেষ হয়। ১৫ মিনিট স্থায়ী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের সাবেক আমির মরহুম হযরত মাওলানা এনামুল হাসানের পুত্র দিল্লি কেন্দ্রীয় তাবলিগ জামাতের সদস্য ও শীর্ষ মুরব্বী মাওলানা মুহাম্মদ যোবায়েরুল হাসান।

টঙ্গী তুরাগ নদীর তীরে ৪১ তম আখেরি মোনাজাতে অংশ নিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ সকাল ১০টা ৪০ মিনিটে  ইজতেমা ময়দানের মূল মঞ্চে এসে উপস্থিত হন। টঙ্গীস্থ বাটা সু-কোম্পানির উপরে বিশেষ মঞ্চে আখেরি মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লা আমান, শিক্ষা প্রতিমন্ত্রী ফজলূল হক মিলন (এমপি), সাবেক প্রতিমন্ত্রী অধ্যপক এম এ মান্নানসহ অন্যান্য মন্ত্রীবর্গ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ আখেরি মোনাজাতে অংশ নেন। এছাড়া বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টঙ্গীস্থ আশ্রাফ টেক্সটাইল মিলের উপরে আখেরী মোনাজাতে শরীক হন। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, আঃ মান্নান, আক্তারুজ্জামান, জাহিদ আহসান রাসেল এমপি, টঙ্গী পৌরসভার চেয়ারম্যান আজমত উল্লাহ খান, গাজীপুর পৌর চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক। মোনাজাতে আরো অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক, বুদ্ধিজীবী, কুটনীতিক পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সমাজের সর্বস্তরের মানুষ।

আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা স্থলে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। চার পাশে কান্নার রোল পরিলক্ষিত হয়। মোনাজাতের সময় আশ পাশের সকল কলকারখানা, বাড়িঘরে ছাদে বসে মানুষকে আখেরী মোনাজাতে শরীক হতে দেখা যায়।

এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিডিআর ও র‌্যাবসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া ইজতেমা ময়দানে প্রায় ৭০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়।