চাঁপাইনবাগঞ্জে দ্বিতীয় দিনের মত হরতাল পালিত, শিবগঞ্জ থানার ওসি প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সোমবারের পুলিশ-জনতা সংঘর্ষে ৮ জন নিহতের প্রতিবাদে শনিবার লাগাতার হরতালের দ্বিতীয় দিনে জনতা চাঁপাইনবাগঞ্জ-সোনামসজিদ ও শিবগঞ্জ-খাসেরহাট সড়কে ব্যারিকেড দিয়ে রাখে।
উদ্ভূত পরিস্থিতিতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের গ্রেপ্তারকৃত তিন নেতার মুক্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে অনির্দিষ্টকালের হরতালের দ্বিতীয় দিন শনিবার কানসাট ও এর সংলগ্ন এলাকায় শান্তিপূর্নভাবে পালিত হয়।
উত্তোজিত জনতা রোববার কানসাট থেকে মিছিল করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এসে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
এই কর্মসূচি ঘোষণার পর শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসন সার্কিট হাউজে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীদের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক আহবান করে।
বিক্ষুব্ধ জনতা শনিবার শিবগঞ্জ--খাসেরহাট সড়কে গাছের বড় বড় ডাল কেটে নতুন করে ব্যারিকেড দেওয়ায় সোনামসজিদের পর এই রুটেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ--সোনামসজিদ মহাসড়কের কয়েকটি স্থানে গাছ কেটে ব্যারিকেড দেওয়ায় টানা ষষ্ঠ দিনের মত উত্তরাঞ্চলের বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদের সাথে সারা দেশের যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন ছিল। বন্ধ রয়েছে স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।
এদিকে ঘটনার পর সরকার গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি শনিবার বিকেল পর্যন্ত কাজ শুরু করতে পারেনি।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু এমপির পরামর্শে সংশ্লিষ্ট এলাকার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক ও ইমামদের নিয়ে বুধবার নয় সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করা হলেও তারা এখন পর্যন্ত ঘটনাস্থলে যাননি।
শনিবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি দল অসিত দাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে।
অপরদিকে ঘটনার ছয় দিনের মাথায় শনিবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দি খলিফাকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, তাকে পঞ্চগড়ে বদলি করা হয়েছে। শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাফিজুর রহমান শিবগঞ্জ থানার নতুন ওসির দায়িত্ব গ্রহণ করেন।
একই সাথে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকেও প্রত্যাহারের খবর পাওয়া গেছে। তবে বিকেল পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
