যুক্তরাষ্ট্রের প্রত্যাশা: সংখ্যালঘুদের ওপর হামলা হবে না
আগামী সাধারণ নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর কোনও হামলার ঘটনা ঘটবে না এমনটাই প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ই্উরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধিদলের এমন আশংকার পর যুক্তরাষ্ট্র এ প্রতিক্রিয়া ব্যক্ত করে।
ইইউ ট্রয়কাদলের উদ্বেগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শুক্রবার দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা একথা বলেন।
তিনি বলেন, ‘আমি কিছুই্ আন্দাজ করতে পারছি না। তবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করছি, সংখ্যালঘুদের ওপর কোনও সহিংসার ঘটনা ঘটবে না।’
তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান দেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এ উদ্বেগ প্রত্যাখ্যান করে অসন্তোষ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে কোনও সংখ্যালঘু গোষ্ঠীর ওপর নির্যাতন বা অন্য কোনও ধরনের হয়রানির ঘটনা ঘটছে না। বরং, সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত রয়েছে তা নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে।’
