আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু
হজের পরই মুসলমানদের দ্বিতী বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বিশ্ব ইজতেমা শুক্রবার টঙ্গীর ইজতেমা ময়দানে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
জুম্মার নামাজে অংশ নিতে শুক্রবার ঢাকা ও ঢাকার আশপাশ থেকে কয়েক হাজার মুসল্লী বিশ্ব ইজতেমা ময়দানে ভিড় জমায় ফলে দুপুর পর্যন্ত টঙ্গীর বিভিন্ন রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জুম্মা নামাজের ইমামতি ও খুৎবা পাঠ করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা ক্বারী জোবায়ের। নামাজ শেষে যানবাহনের অভাবে হাজার হাজার মানুষকে নিজ গন্তব্যে পৌঁছার জন্য দীর্ঘ পথ পায়ে হেটে যেতে হয়েছে।
জুম্মার নামাজে অন্যান্যদের সাথে অংশ নেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নাসির উদ্দীন পিন্টু এমপি, আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, জাহিদ আহসান রাসেল এমপি, টঙ্গী পৌর চেয়ারম্যান আজমতউল্লাহ খাঁ, গাজীপুর পৌর চেয়ারম্যান মোজাম্মেল হক, পুলিশের আইজি, স্বরাষ্ট্র সচিব, র্যাব’র উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে ধর্মীয় অনুশাসন মেনে সমৃদ্ধ জীবন গড়ার লক্ষ্যে বক্তব্য রাখা হয়। মুসল্লীদের উদ্দেশে ৬টি মূল উসূল নিয়ে আলোচনা হয়। সেগুলো হল: কালেমা ও ঈমান, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলেমিন, তাবলীগ ও সহি নিয়ত মৌলিক বিষয়ের ওপর বয়ান করা। শনিবার ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে এবং রোববার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ২১তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
খোঁজ নিয়ে জানা যায়, ইজতেমা স্থলে চেকপোস্ট ও কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান প্রবেশ পথসহ ১৮টি প্রবেশপথে বসানো হয়েছে অন্তত ৪৮টি সিসিটিভি ক্যামেরা। এছাড়া ইজতেমা ময়দানের কিছু বিশেষ স্থানে ১৪টি ক্যামেরা, আটটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। ইজতেমায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন।
ইজতেমা ময়দানে কামার পাড়া, মুন্নু ট্রাক স্ট্যান্ড, টঙ্গি ব্রীজ এলাকা এবং স্টেশন রোড এলাকায় চেক পোস্টে পুলিশ সার্বক্ষণিক প্রহরায় রয়েছে।
র্যাব এবং সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।
২২ হাজার আইন - শৃঙ্খলা রক্ষাকারী সদস্যের মধ্যে র্যাবের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। দুটি হেলিকপ্টার ও বোমা নিস্ক্রিয়কারী দলও ইজতেমাস্থলে অবস্থান করছে।
র্যাব, বিডিআর, আনসার, এপিবিএন এবং সাদা পোশাকধারী পুলিশ, বিভিন্ন বিভাগের গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিকভাবে এলাকা প্রদক্ষিণে নিয়োজিত রয়েছে।
ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আশুলিয়া - বাইপাইল সড়কের যানচলাচল বন্ধ রাখা হয়েছে।
ইজতেমায় যোগদানের জন্য ইতিমধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলংকা নেপাল, সৌদী আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, থাইল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়া থেকে মুসুল্লিরা চলে এসেছে।
ঢাকা সিটি কর্পোরেশন, এলজিইডি, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস, টঙ্গি পৌরসভা, জেলা প্রশাসক এবং গাজীপুর পুলিশ প্রশাসনসহ বিভিন্ন কর্তৃপক্ষ ইজতেমাকে সুষ্ঠুভাবে সফল করার জন্য সার্বিক তত্ত্বাবধানে রয়েছে।
ইজতেমা উপলক্ষে যাতায়াতের জন্য একটি বিশেষ ট্রেন ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।
বিআরটিসি’র ৩১৫টি বাস মুসল্লিদের আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকবে।
তুরাগ নদী পারাপারের জন্য পাঁচটি পন্টুন বসানো হয়েছে। পন্টুন ছাড়া নদীপথে কাউকে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে না।
১৩ রহিঙ্গা গ্রেপ্তার, পরে মুক্তি:
শুক্রবার জুম্মার নামাজের আগে ইজতেমা মাঠের প্যান্ডেলের ভেতর থেকে ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা ১৩জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ও অনুমতিপত্র ছিল না বলে সূত্র জানায়। পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ইজতেমায় ৩৫টি মেডিক্যাল ক্যাম্প
লাখ লাখ মুসল্লীদের চিকিৎসার জন্যে পুরো ইজতেমা মাঠে ৩৫টি ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্পগুলো হচ্ছে: বাংলাদেশ মানবাধিকার সংস্থা, ইসলামী ফাউন্ডেশন, টঙ্গী প্রেসক্লাব ও রিপোটার্স অ্যাসোসিয়েশন, উত্তরা রিপোটার্স ক্লাব, যুগান্তর স্বজন সমাবেশ ও অহনা সোসাইটি টঙ্গি, সিভিল সার্জন গাজীপুর, টঙ্গি পৌরসভা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ডিপ্লোমা হেল্থ টেকনোলজি অ্যাসোসিয়েশন, আঞ্জুমান মফিদুল ইসলাম, হামদর্দ ফ্রি মেডিক্যাল ক্যাম্প, আবেদা মেমোরিয়াল হাসপাতাল প্রাঃলিঃ, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল, অপসোনিন ফার্মা, আয়ুর্বেদীয় ফার্মেসী ঢাকা লিঃ, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ অন্যান্য সংগঠন।
ইজতেমায় তিন মুসল্লীর মৃত্যু:
টঙ্গীর ইজতেমায় বুধবার একজন বিদেশি মুসল্লীর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সকালে ইজতেমা মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মতিঝিল ব্যাংক কলোনিতে বসবাসরত নাজির হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের এক মহিলার জানাজা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
১৫ পকেটামার ও ছিনতাইকারী গ্রেপ্তার:
পুলিশ ও র্যাব সদস্যরা ইজতেমা ময়দান থেকে ১৫ জন পকেটমার ও ছিনতাইকরীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এছাড়া শুক্রবার পর্যন্ত মাঠ থেকে ৩০জন মুসল্লীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
