ঝালকাঠির বিচারক হত্যা মামলায় চার্জগঠন আবার পিছিয়ে, ফ্রেব্রুয়ারির ১ম সপ্তাহে সানিকে বরিশাল আনা হচ্ছে
আসামি আতাউর রহমান সানিকে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করতে না পারায় ঝালকাঠিতে দু’বিচারক হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির চার্জগঠন পূর্বনির্ধারিত তারিখ ৩০ জানুয়ারি সম্ভব হচ্ছে না। তবে ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে সানিকে বরিশাল আনার পর তা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সানিকে বরিশাল আনার ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় মামলার দুই আসামি ঢাকা কারাগারে আটক সানি ও আউয়ালকে বরিশালে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে মন্ত্রণালয় থেকে পুলিশের আইজিকে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সানি ও আউয়ালকে বরিশালে পাঠানোর জন্যে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন ঢাকা কারাগারের জেল সুপার থেকে শুরু করে পুলিশের আইজিকে একাধিকবার তাগিদ দিয়েছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে তাদেরকে এতদিন বরিশাল পাঠানো সম্ভব হয়নি। এতে চার্জগঠনও পিছিয়ে যায়।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গি হামলায় ঝালকাঠির দু’বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। ঘটনার পর বিচারকদের বহনকারী গাড়ির চালক বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেন। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলাটি অন্যতম। গত ৪ জানুয়ারি এ মামলাটি বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
