২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। হজ্বের পরেই বিশ্ব ইজতেমা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। এবার ৪১তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

দেশের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থল তুরাগ তীরে হাজির হচ্ছেন।

সম্প্রতি দেশব্যাপী বোমা হামলার কারণে সরকার ইজতেমার নিরপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমাস্থলের চারপাশে ২২ হাজারের বেশি র‌্যাব, বিডিআর, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার দুপুরে তিনদিনব্যাপী এ জমায়েত শেষ হবে।

ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে তারা ইজতেমায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

রাষ্ট্রপতি তার বাণীতে, বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বিশ্ব ইজতেমার বিশাল ধর্মীয় মহাসমাবেশ ও আখেরি মোনাজাত বাংলাদেশের জনজীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তিনি বলেন, ইসলামের সার্বজনীন উদারতা, সহনশীলতা ও শান্তির মর্মবাণী প্রচার ও প্রসারে বিশ্ব ইজতেমা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য দৃঢ় করার পাশাপাশি বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশ্ব ইজতেমা বিশেষ ভূমিকা পালন করে যাবে।

প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা উপলক্ষে আল্লাহ্র দরবারে দেশের মানুষের সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ইজতেমা স্থলে চেকপোস্ট ও কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান প্রবেশ পথসহ ১৮টি প্রবেশপথে বসানো হয়েছে অন্তত ৪৮টি সিসিটিভি ক্যামেরা। এছাড়া ইজতেমা ময়দানের কিছু বিশেষ স্থানে ১৪টি ক্যামেরা, আটটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। ইজতেমায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন।

ইজতেমা ময়দানে কামার পাড়া, মুন্নু ট্রাক স্ট্যান্ড, টঙ্গি ব্রীজ এলাকা এবং স্টেশন রোড এলাকায় চেক পোস্টে পুলিশ সার্বক্ষণিক প্রহরায় রয়েছে।

র‌্যাব এবং সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।

২২ হাজার আইন -- শৃঙ্খলা রক্ষাকারী সদস্যের মধ্যে র‌্যাবের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে। দুটি হেলিকপ্টার ও বোমা নিস্ক্রিয়কারী দলও ইজতেমাস্থলে অবস্থান করছে।

র‌্যাব, বিডিআর, আনসার, এপিবিএন এবং সাদা পোশাকধারী পুলিশ, বিভিন্ন বিভাগের গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিকভাবে এলাকা প্রদক্ষিণে নিয়োজিত রয়েছে।

ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আশুলিয়া -- বাইপাইল সড়কের যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

ইজতেমায় যোগদানের জন্য ইতিমধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলংকা নেপাল, সৌদী আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, থাইল্যান্ড, কাতার এবং অস্ট্রেলিয়া থেকে মুসুল্লিরা চলে এসেছে।

ঢাকা সিটি কর্পোরেশন, এলজিইডি, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস, টঙ্গি পৌরসভা, জেলা প্রশাসক এবং গাজীপুর পুলিশ প্রশাসনসহ বিভিন্ন কর্তৃপক্ষ ইজতেমাকে সুষ্ঠুভাবে সফল করার জন্য সার্বিক তত্ত্বাবধানে রয়েছে।

ইজতেমা উপলক্ষে যাতায়াতের জন্য একটি বিশেষ ট্রেন ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

বিআরটিসি’র ৩১৫টি বাস মুসল্লিদের আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকবে।

তুরাগ নদী পারাপারের জন্য পাঁচটি পন্টুন বসানো হয়েছে। পন্টুন ছাড়া নদীপথে কাউকে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে না।