তেলের দাম বৃদ্ধির আশংকায় বোরো ধান আবাদ হুমকির মুখে
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দিলে সারা দেশের বোরো ধানের আবাদ হুমকির মুখে পড়েছে।
মন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম বাড়তে পারে।
এ ঘোষণার খবর প্রচারিত হওয়ার পর থেকে গত দু’দিন চলতি মৌসুমের বোরো আবাদকারী কৃষকরা শঙ্কার মধ্যে রয়েছে বলে বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানান।
বোরো আবাদ মৌসুমে দেশে সর্বোচ্চ সেচ কার্যক্রম শুরু হয়। মূলত জানুয়ারির শুরু থেকে এপ্রিল পর্যন্ত সেচ কার্যক্রম চলে। সারা দেশে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা না থাকায় সেচ কার্যক্রম ডিজেলের ওপর নির্ভরশীল। ফলে তেলের দাম বাড়ার আশংকার কারনে বোরো ধান আবাদের ব্যাপারে এখন সবচেয়ে সংকটে রয়েছে উত্তরবঙ্গের জেলা এবং সীমান্তবর্তী অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে-- বৃহত্তর দিনাজপুর, রংপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রাজশাহী এবং ব্রাহ্মণবাড়িয়া।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়া এবং তেল আমদানিতে সংকটের আশংকায় মঙ্গলবার থেকেই বিভিন্ন জেলার তেল ডিলাররা অবৈধ মজুদ গড়ে তুলতে শুরু করছে। ফলে গত দু’দিন ধরে বিভিন্ন জেলায় ডিজেল সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ডিলাররা গত তিনদিন ধরে ডিপো থেকে অতিরিক্ত তেল উত্তোলন করে মজুদ করছে।
ইতোমধ্যে দেশের অর্থনীতিবিদ, রাজনীতিবিদসহ বিভিন্ন ব্যক্তি প্রধান সেচ মৌসুমে তেলের দাম বৃদ্ধির ঘোষণার তীব্র বিরোধিতা করেছেন।
অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, সেচের এ ভরা মওসুমে তেলের দাম বাড়ালে বোরো চাষের ওপর সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, এর ফলে কৃষি খাতে যেমন প্রবৃদ্ধি হ্রাস পাবে, তেমনি খাদ্য--মুদ্রাস্ফীতি বাড়বে। একই সঙ্গে খাদ্য পরিবহনে খরচ বৃদ্ধি পাবে।
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান সরকারকে বোরো মৌসুম শেষ না হওয়া পর্যন্ত দাম না বাড়ানোর আহবান জানান।
তিনি কিশোরগঞ্জ থেকে বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছে, তেলের দাম বাড়লে তারা রাস্তায় নামবে।
তিনি আরো বলেন, বিএডিসির দুই হাজার কোটি টাকার বৈদেশিক সাহায্য সরকার মওকুফ করলেও কৃষকরা সারের ক্ষেত্রে ভর্তুকি পাচ্ছে না।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ দশমিক ৩০ কোটি ম্যাট্রিক টন। চলতি বছরে বোরো আবাদকৃত জমির পরিমাণ ৩৯ দশমিক ২৫ লাখ হেক্টর নির্ধারণ করা হলেও প্রকৃত আবাদের পরিমাণ ৩৯ দশমিক ৬৭ লাখ হেক্টর।
সূত্র আরো জানায়, উচ্চ ফলনশীল বিআর--২৮ ও বিআর--২৯ এর মত বোরো ধান অধিক পরিমাণে আবাদের কারণে লক্ষ্যমাত্রা থেকে অধিক ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছরে বোরো উৎপাদন হয় ১ দশমিক ৩০ কোটি ম্যাট্রিক টন।
