রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০
রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন চালক ও একটি শিশু নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।
আশুলিয়ায় পাঁচটি মটরচালিত যান পরস্পরের সাথে ধাক্কা লেগে সংঘর্ষ ঘটলে একটি ম্যাক্সির চালক নিহত হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, যাত্রিবাহী ম্যাক্সিটিকে একটি বাস ধাক্কা দিলে এটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং এরপর সেই বাসটির সাথে একটি গাড়িসহ আরও তিনটি যানবাহনের ধাক্কা লাগে। এর মধ্যে একটি যানবাহন খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার পর রাস্তা বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ম্যাক্সির চালক ঘটনাস্থলেই নিহত হয়। চালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আহত ৬ জনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে এবং অন্যান্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অপরদিকে পোস্তগোলার শ্যামপুর থানায় বুধবার সকালে একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মারা গেছে এক ট্রাক চালক।
পুলিশ জানিয়েছে, গনি খানের ছেলে বাবুল (৩০) ভোর সাড়ে ৫ টায় ইসলামী ব্যাংকের কাছে রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে।
ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জে জিঞ্জিরা ইউনিয়নের মনু ব্যাপারীর ঢাল এলাকায় বুধবার সকালে একটি শিশু ট্যাম্পোর নিচে চাপা পড়ে মারা যায়।
মৃত শিশুটি মনু ব্যাপারী এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে আজহার ইসলাম (৭) বলে পরিচয় পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ৯ টার দিকে নয়াবাজার থেকে আগত একটি ট্যাম্পো শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ট্যাম্পোসহ চালক পালিয়ে যায়।
কেরানীগঞ্জ থানায়এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
