ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়টি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে করার সুযোগের ওপর নির্ভর করছে
বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে (ইওএম) কেন্দ্র করে সরকার ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা শুরু হলেও উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কা প্রতিনিধি দলের ঢাকা সফর শেষে এ ব্যাপারে ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
ঢাকা সফররত ইইউ’র ট্রয়কা প্রতিনিধি দল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের মধ্যকার মঙ্গলবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে একটি ইওএম প্রতিষ্ঠার বিষয়টি উত্থাপিত হয়েছে এবং বাংলাদেশ এ ব্যাপারে ইইউকে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে বলে সূত্র জানিয়েছে।
তবে ইইউ’র বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ট্রয়কা অপেক্ষা করতে চায় এবং নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ব্যাপারে অগ্রগতির বিষয়টি তারা খতিয়ে দেখতে চায়।
সূত্রটি জানায়, নির্বাচন কমিশনকে স্বাধীন করা না হলে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল নাও পাঠাতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ দেখতে চায় বলে ইওএম প্রতিষ্ঠার ব্যাপারটি তারা বিবেচনা করছে।
কোন দেশের নির্বাচনের ছয় সপ্তাহ আগে ইইউ’র পক্ষ থেকে সাধারণত ইওএম মোতায়েন করা হয়ে থাকে। ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কাউন্সিলের অনুমতিতেই এটি হয়ে থাকে।
সূত্র জানায়, ইওএম’র সময় ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন অভিযান, মানবাধিকার পরিস্থিতি এবং গণমাধ্যমের প্রবেশাধিকারের মত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভোটাভুটির আগে নির্বাচনের ফলাফলের উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে সে বিষয়গুলো পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করে।
সূত্রটি আরো জানায়, ট্যাবুলেশন ও ফলাফল প্রকাশের মত নির্বাচন-উত্তর অগ্রগতি ও অভিযোগ ও আবেদন সমভাবে গুরুত্বপূর্ণ। অল্পদিনের জন্য মোতায়েন করা নির্বাচন পর্যবেক্ষক মহলের কাছে এ ধরনের বিষয়গুলো অস্পষ্ট থেকে যায়।
২০০৫ সালে ইইউ’র ইওএম কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, হাইতি, পশ্চিম তীর ও গাজা উপত্যকা, ভেনিজুয়েলা, শ্রীলঙ্কা, লাইবেরিয়া, বুরুন্ডি, গিনি বিসাউ, আফগানিস্তান, লেবানন এবং ইথুপিয়ার নির্বাচনের সময় মোতায়েন করা হয়েছিল।
