২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ-বিদেশের মুসুল্লিরা মাঠে আসতে শুরু করেছে

টঙ্গীর তুরাগ নদীর তীরে ২৭ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৪১তম বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশ থেকে মুসুল্লিরা আসতে শুরু করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মঙ্গলবার বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশের অন্ততঃ দু’শ মুসুল্লি টঙ্গী পৌঁছান। তবে তারা মাঠে অবস্থান না করে টঙ্গীর বেশ কয়েকটি মসজিদে অবস্থান করছেন। দুই দিনের তাবলীগে কাজ সেরে বৃহস্পতিবার ফজরের নামাজের পর বিদেশি মুসুল্লিরা মাঠে যাবেন। এছাড়া মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসুল্লিরাও আসতে শুরু করেছে। এদিকে ইজতেমার সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ২২ হাজার বিভিন্ন বাহিনীর আইন শৃঙ্খলা রক্সাকারী সদস্যরা বিকালে টঙ্গীতে অবস্থান নিয়েছে। তাদেরকে টঙ্গীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্কুল কলেজে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

এদিকে ইজতেমা মাঠের বাকি কাজগুলো সম্পন্ন করা হয় মঙ্গলবার। মাঠে আনুমানিক চারশ’ মাইকের সংযোগ দেয়া হয়েছে। আন্তর্জাতিক ছাউনিতে পানি, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ আগেই দেয়া হয়। মঙ্গলবার সাধারণ মুসুল্লিদের পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ইজতেমার জিম্মাদার ও মুসুল্লিরা জানান, মাঠে এক সঙ্গে ২০ হাজার মুসুল্লির ওজুর ব্যবস্থা করা হয়েছে। তুরাগ নদীর ওপর পাঁচটি পন্টুন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। মাঠের মুসুল্লিরা জানান এসব পন্টুন দিয়ে উত্তরা ও আশুলিয়া এলাকা থেকে মুসুল্লিরা মাঠে প্রবেশ করতে পারবে। ২৯ জানুয়ারি মধ্যাহ্নে আখেরী মোনাজাতের মাধ্যামে ৪১তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

এদিকে ইজতেমার কারণে টঙ্গী সরকারি হাসপাতালে পানি সংকট দেখা দিয়েছে এবং ইজতেমায় আগত মুসুল্লিদের চিকিৎসা ব্যাহতের আশঙ্কা করা হচ্ছে। পৌর চেয়ারম্যান আজমতউল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে পানি না থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের ইজতেমাকে অগ্রাধিকার দিতে হচ্ছে স্বাভাবিক কারণেই”। তিনি আরও বলেন, ইজতেমা মাঠের জন্য পৌরসভায় চারটি পাম্প স্থাপন করা হয়েছে। এসব পাম্প থেকে ১১ মাসই পৌরবাসিকে পানি সরবরাহ করা হয় শুধু ইজতেমার সময় মুসুল্লিদের ব্যবহারের জন্য নির্দিষ্ট থাকে। তিনি জানান, ইজতেমার সময় পৌরসভার ওভার হেড টাঙ্কিতে এক লাখ গ্যালন পানি মজুদ রাখতে হয় মুসুল্লিদের পানাহার, ওজু ও টয়লেট ব্যবহারের কথা চিন্তা করে। এ কারণে এসময় পৌরবাসীকেও সামরিক অসুবিধা ভোগ করতে হয়। তবে টঙ্গী হাসপাতালে পানি সঙ্কটের ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোবারক হোসেন বলেন, ‘সঙ্কট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি’।