২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএডিসি’র সেবা প্রদান সংক্রান্ত ঋণ মওকুফের প্রস্তাব দেবে মন্ত্রণালয়

সেবা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যে পরিমান অর্থ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে, সে ঋণ থেকে বিএডিসিকে নিস্কৃতি দেয়ার প্রস্তাব বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে বলে কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, সেবা প্রদান করতে গিয়ে বিএডিসি দুই হাজার কোটি টাকার মত যে ঋণ গ্রহণ করেছে, তার পুরোটাই মওকুফ করা হতে পারে। 

বুধবারের মন্ত্রিপরিষদের সভায় পাঠানোর জন্য কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে এ সম্পর্কিত একটি প্রস্তাব তৈরি করেছে।

২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত গত ৪৫ বছরে বিএডিসি ছয়টি দাতা সংস্থা ও বিভিন্ন দেশের কাছ থেকে সর্বমোট ৩২৮ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ২,০৪৩ কোটি টাকা) ঋণ গ্রহণ করেছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি), ইউএসএইড, এশীয়  উন্নয়ন ব্যাংক (এডিবি), সৌদি আরব এবং কুয়েতের কাছ থেকে বিএডিসি উল্লেখিত ঋণ গ্রহণ করেছে। ঋণের সুদ ২৯৫ দশমিক ৫৩ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

১৯৯৯ - ২০০০ অর্থ বছরে বিএডিসি মাত্র ১৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা) পরিশোধ করেছে।

নাম গোপন রাখার শর্তে বিএডিসি’র উচ্চ পদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ডিএসএল থেকে নিস্কৃতি দেয়ার বিষয়টি মন্ত্রিপরিষদ অনুমোদন করলে বিএডিসি তার সম্পত্তি বিক্রি করতে সমর্থ হবে।

গোডাউন প্রতিষ্ঠার মত কৃষির অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে এবং সুলভে কৃষকদের উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ, সার, কীটনাশক ও সেচের সুবিধা দেয়ার মাধ্যমে কৃষি-সংক্রান্ত সরবরাহ নিশ্চিত করতে একটি সেবাভিত্তিক সরকারি খাত হিসেবে বিএডিসি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।