২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রয়কা প্রতিনিধি দলের সাথে সাক্ষাত বাতিল করেছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ স্বাস্থ্যগত কারণে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কা প্রতিনিধি দলের সাথে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ইউরোপীয় কমিশন ও নির্বাচন কমিশন ইভয় সূত্রই মঙ্গলবার বিডিনিউজকে নিশ্চিত করে জানিয়েছে, ট্রয়কা প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশন কর্মকর্তাদের বুধবার সকালে সাক্ষাতের বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল এবং সিইসি তার স্বাস্থ্যগত কারণে নির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন।

ইইউ’র ট্রয়কা প্রতিনিধি দল সোমবার তিনদিনের সফরে বাংলাদেশে আসার পর থেকে ইতোমধ্যে এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, স্বরাষ্ট্র সচিব ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে।

ইইউ’র ট্রয়কা প্রতিনিধি দলের এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রতিনিধি দলে ইউ’র সর্বশেষ, বর্তমান ও পরবর্তী সভাপতি দেশের প্রতিনিধি, ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। তারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রাখে।

এ দলের নেতৃত্ব দিচ্ছেন অষ্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পরিচালক এবং ইইউ প্রেসিডেন্সি’র প্রতিনিধি নিকোলাস শের্ক। তার সঙ্গে রয়েছেন ইউরোপীয় কমিশনের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জেমস মোরান, ইইউ’র পরবর্তী সভাপতি দেশ ফিনল্যান্ডের সভাপতির প্রতিনিধি এবং এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক পেখা মেটসো এবং অভিন্ন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধির পক্ষে মাইকেল সোয়ান।