কলকাতায় শায়খ রহমান গ্রেপ্তার: পশ্চিমবঙ্গ আইজিপির ঘোষণা, বাংলাদেশ কনস্যুলার সুবিধা চেয়েছে
পশ্চিমবঙ্গ পুলিশের আইজি’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও ভারতীয় সংবাদ মাধ্যম পরিবেশিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার- এর খবর প্রকাশিত হওয়ার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে দেখা করার জন্যে ভারত সরকারের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে।
এর আগে মঙ্গলবার কলকাতায় পশ্চিমবঙ্গের আইজিপি রাজ কানোজিয়া বলেন, সীমান্ত এলাকা জরাগাছায় এক বিয়ের অনুষ্ঠান থেকে জেএমবি’র প্রধান শায়খ রহমানকে গ্রেপ্তার করা হয়।তার এই খবর বিভিন্ন বার্তা সংস্থা ও ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়।
আইজিপি রাজ কানোজিয়া মঙ্গলবার সকালে আরও বলেন, তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা খবরটি গোপন রেখেছিলাম।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একস্টার্নাল পাবলিসিটির মহাপরিচালক জহিরুল হক বলেন, গ্রেপ্তাকৃত ব্যক্তি আবদুর রহমান কি না সে ব্যাপারে কলকাতার ডেপুটি হাই কমিশন নিশ্চিত কোনও খবর পায়নি।
তিনি বলেন, আমরা বিস্তারিত ও নিশ্চিত সংবাদের জন্যে অপেক্ষা করছি।
এদিকে এর আগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ইমরান রাজ কানোজিয়ার সাথে যোগাযোগ করেছেন।
যদিও মঙ্গলবার সকালে আইজিপি রাজ কানোজিয়া আফগান যুদ্ধফেরত শায়খ রহমানের গ্রেপ্তারের খবর এএফপি, রয়টার্স এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর কাছে স্বীকার করেন, কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪--৪৫ মিঃ) ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে কোন যোগাযোগ করেনি।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ঢাকায় সাংবাদিকদের বলেন, তিনি একটি বিদেশী সংবাদ সংস্থার খবর থেকে শায়খ আবদুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছেন।
ওই খবরটির বরাত দিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ পুলিশ আবদুর রহমানের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই তা প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বন্দিবিনিময় চুক্তি না থাকলেও বাংলাদেশ সরকার আশা করছে, ভারত সরকার শায়খ আবদুর রহমানকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
আইজিপি রাজ কানোজিয়া সাংবাদিকদের জানান, বাংলাদেশে ১৭ আগস্ট একযোগে ৬৩ জেলায় বোমা হামলার পর শায়খ রহমান কয়েক সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে তার এক আতœীয়র বাসায় আশ্রয় নেয়।
জঙ্গি ওই নেতাকে তার আত্মীয়সহ রোববার গ্রেপ্তার করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে কলকাতা পুলিশ গ্রেপ্তারের পর শায়খ রহমানকে সোমবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। শায়খ রহমানকে গ্রেপ্তারের জন্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।
পুলিশ সুপার নিরাজ সিং জানান, তাকে বুধবার আবার আদালতে নেয়া হবে।
বাংলাদেশ পুলিশ শায়খ আবদুর রহমান ও তার সেকেন্ড-ইন-কমান্ড বাংলা ভাইকে গ্রেপ্তারের জন্যে ৫০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে।
