পিজা হাটের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশীর ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ
বাংলাদেশে জন্ম নেয়া একজন ব্রিটিশ নাগরিক সোমবার বিশ্বখ্যাত ফাস্ট ফুড কোম্পানি পিজা হাটের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থেকে আট হাজারেরও বেশি পাউন্ড স্টার্লিং (বাংলাদেশী মুদ্রায় ৯ লাখ টাকা) হাতিয়ে নেয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
রাজধানীর গুলশান থানায় রোববার সন্ধ্যায় নার্গিস সুলতানার দায়েরকৃত সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, তার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে ৯০০ টাকার একটি বিল দেয়ার সময় টাকা মেরে দেওয়ার চেষ্টা করা হয়।
ওই জিডিতে আরও বলা হয়েছে, নার্গিস সুলতানার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থেকে দুইবার টাকা লেনদেন করা হয়েছে। একবার ৮৫১৫ দশমিক ৯০ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ও অন্যবার আট দশমিক ৫২ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
নার্গিস সুলতানা তার অভিযোগে বলেছেন, স্বামী ড. মোহাম্মদ সোহেল মজুমদার ও কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে গুলশানে অবস্থিত পিজা হাটে শনিবার সন্ধ্যায় ডিনার করতে গিয়েছিলেন। ডিনারের পর ৯৭৫ দশমিক ৭৫ টাকার বিল পরিশোধ করার জন্যে তিনি তাদেরকে ভিসা ক্রেডিট কার্ড প্রদান করেন।
কয়েক মিনিট পর রেস্টুরেন্টের কর্মচারিরা ক্রেডিট কার্ডটি ফেরত দেয় এবং ক্রেডিট কার্ড থেকে লেনদেন করা যাচ্ছে না ফলে ডিনারের বিল নগদ পরিশোধ করার কথা বলে।
নার্গিস সুলতানার কথা মত তার স্বামী ডিনারের বিল পরিশোধ করেন বলে জিডিতে বলা হয়।
নার্গিস বলেন, আমার ক্রেডিট কার্ডে আট হাজারেরও বেশি পাউন্ড স্টার্লিংয়ের লেনদেনের বিষয়টি সন্ধ্যার সময় বিদেশে থাকা বাবা--মা আমাকে ফোন করে জানায়।
নার্গিস বলেন, আমি সঙ্গে সঙ্গে ইংল্যান্ডে আমার ব্যাংককে ফোন করে লেনদেন বন্ধ করে দেই। বেআইনিভাবে যাতে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ কোন ধরনের লেনদেন করতে না পারে সেজন্যে ক্রেডিট কার্ডটি নষ্ট করে ফেলার জন্যে ইংল্যান্ডের ব্যাংক তাকে জানিয়েছে বলে নার্গিস জানান।
নার্গিস জিডিতে আরো বলেন, পিজা হাটে গিয়ে তিনি কর্তব্যরত ম্যানেজারের সাথে কথা বলেছেন। পরবর্তীতে তিনি জেনারেল ম্যানেজারের সাথেও কথা বলেন এবং ওই দিনের ক্রেডিট কার্ডের লেনদেন হওয়ার সকল হিসেবের কপি সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের কার্ডের সাথে কোন ধরনের লেনদেনের বিষয় চোখে পড়েনি এবং রেস্টুরেন্ট কোন অসদাচরণ করেনি বলে কর্তৃপক্ষ দাবি করেছে। আমরা তাতে সন্তুষ্ট হতে পারি না। তাই রেস্টুরেন্টের নিজস্ব ব্যাংকের সাথে কথা বলতে আহ্বান জানিয়েছি।
তিনি জানান, রেস্টুরেন্টের নিজস্ব ব্যাংক পরবর্তীতে নিশ্চিত করেছে যে, ওই ধরনের লেনদেনের জন্যে অনুরোধ করা হয়েছিল। কিন্তু কার্ডের মালিক তার কার্ড বাতিল করে দেওয়ায় লেনদেন সম্পন্ন হয়নি।
নার্গিস সুলতানা বলেন, পিজা হাট এখন পুরো বিষয়টি স্বীকার করেছে এবং দায়-দায়িত্ব গ্রহণ করেছে। পিজা হাট দাবি করেছে, এটি ছিল সাধারণ একটি ভুল।
অন্য কেউ যাতে এ ধরনের প্রতারণার শিকার না হন সেজন্যে বিষয়টি তদন্ত করে দেখতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন।
গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই তাসলিমা অভিযোগ গ্রহণের বিষয়টি স্বীকার করেন। কিন্তু সেকেন্ড অফিসার এসআই মিজান এখনও কোন তদন্ত শুরু করেননি।
এ ব্যাপারে পিজা হাটের আক্কু চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, যান্ত্রিক সমস্যা থাকায় একটি ভুল হয়েছে। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। কার্ডধারীর কার্ড থেকে কোন অর্থ ট্রান্সফার করা হয়নি এবং তারা এটিকে একটি বিরাট ইস্যুতে পরিণত করেছেন।
