২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের মাদ্রাসার কমিটি গঠন করতে সরকারি আদেশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ

রাজধানী ঢাকার মিরপুরের মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন ও বিএনপি সাংসদ এসএ খালেককে সভাপতি করে নতুন একটি কমিটি গঠন করতে সরকার যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার সরকারের সে আদেশ স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মাদ্রাসার আগের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজিজুর রহমানের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি রেজাইল হকের সমন্বয়ে গড়া হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার শুনানি শেষে সরকারের আদেশ স্থগিত করার পাশাপাশি সরকারের বিরুদ্ধে একটি রুল জারি করেছে।

সরকারের দেওয়া আদেশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে সরকারকে কারণ দর্শাতে হাইকোর্ট নির্দেশ দেন।

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ২ জানুয়ারি পুরাতন কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানকে অপসারন করে এবং বিএনপি সাংসদ এস এ খালেককে সভাপতি করে মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার কমিটি গঠন করে। 

ব্যারিস্টার শফিক আহমেদ ও অ্যাডভোকেট কেএম হাফিজুল আলম পিটিশন দায়েরকারীর পক্ষে মামলা পরিচালনা করেন।