খুলনা বিভাগে ৭০ হাজার মামলা বিচারাধীন
খুলনা বিভাগের ১০ জেলায় ফৌজদারী আদালত সমূহে ৭০ হাজার মামলা বিচারাধীন থাকায় প্রায় সাড়ে তিন লাখ বিচার র্প্রাথী দুর্ভোগ পোহাচ্ছেন।
মামলা জটের কারণে এই বিপুল সংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষে মনিটরিং সেল গঠন করা হলেও সেখানে শুধুমাত্র চাঞ্চল্যকর মামলাগুলোর নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে। বাকি হাজার হাজার মামলা দ্রুত নিষ্পত্তির কার্যক্রমের আওতার বাইরে থাকছে। ফলে সেসব মামলা নিষ্পত্তিতে লেগে থাকছে দীর্ঘসূত্রিতা।
সূত্র মতে, খুলনা জেলায় বিচারাধীন ফৌজদারী মামলা রয়েছে প্রায় ১০ হাজার ৫শ’, যশোর জেলায় ১৩ হাজার, কুষ্টিয়ায় ৫ হাজার ৪শ, ঝিনাইদহে ৭ হাজার ৪শ’ ৫০, মেহেরপুরে ২ হাজার ১শ’, মাগুরায় ২ হাজার ৭ শ’, নড়াইল জেলায় ২ হাজার ১ শ’ ৫০, সাতক্ষীরায় ১১ হাজার ৫ শ’, চুয়াডাঙ্গায় ৩ হাজার ৮ শ’ ও বাগেরহাটে ১১ হাজার ৪শ’টি মামলা বিচারাধীন রয়েছে।
বিচার প্রার্থীরা জানান, মামলা জটের কারণে দুর্ভোগের পাশাপাশি তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মামলার তদন্ত ও চার্জশীট প্রদানে বিলম্ব এবং বিচারকের স্বল্পতার কারণে মামলার দ্রুত নিষ্পত্তিতে সমস্যা হচ্ছে। ফলে মামলা জট দিন দিন প্রকট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী জানান, মামলার ধার্য্য তারিখে বাদী-বিবাদীরা অনেকে অনুপস্থিত থাকায় মামলার কাজে বিঘœ ঘটছে। ফলে ফৌজদারী আদালত সমূহে লেগে থাকছে মামলা জট।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, দ্রুত এ অবস্থা থেকে উত্তরণের কোন সম্ভাবনা নেই।
