নিউজপ্রিন্টের দাম বৃদ্ধিতে সংবাদপত্র শিল্পের ওপর বিরূপ প্রভাব
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে নিউজপ্রিন্ট কাগজের দাম ধারাবাহিকভাবে বেড়ে চলায় বাংলাদেশের সংবাদপত্র শিল্পের ওপর নেতিবাচক ও বিরূপ প্রভাব পড়েছে বলে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
জাতীয় দৈনিক প্রথম আলোর কর্মকর্তা হাফিজুর রহমান (ম্যানেজার অ্যাকাউন্টস) বলেন, গত তিন বছরে আমদানিকৃত নিউজপ্রিন্টের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি টন নিউজপ্রিন্টের দাম ৬০,০০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের একজন নির্বাহী বলেন, তিন মাস আগে প্রতি কেজি স্থানীয় নিউজপ্রিন্টের দাম ছিল ৪৫ টাকা। অথচ এখন তার দাম ৫৭ টাকা।
আমদানিকারক ও প্রস্তুতকারকরা জানিয়েছেন, নিউজপ্রিন্টের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু সে তুলনায় স্থানীয় উৎপাদন বাড়ছে না।
তারা বলেন, আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে উৎপাদিত নিউজপ্রিন্টের দাম ২০ শতাংশ বেশি।
সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি টন নিউজপ্রিন্টের দাম ৫৯০ থেকে ৬১০ মার্কিন ডলারের মধ্যে। অথচ নিুমানের হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে উৎপাদিত প্রতি টন নিউজপ্রিন্টের দাম ৬৭৫ মার্কিন ডলারেরও বেশি।
আমদানিকারক ও বাংলাদেশ কাগজ আমদানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) পরিচালক শাহজাহান কবির বিডিনিউজকে বলেন, আভ্যন্তরীন চাহিদা মেটাতে বাংলাদেশের প্রতি মাসে আট থেকে নয় হাজার মেট্রিক টন নিউজপ্রিন্ট প্রয়োজন। এর মধ্যে ৫০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং অবশিষ্ট নিউজপ্রিন্ট আমদানি করা হয়।
নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্র“প চলতি বছরের জানুয়ারি থেকে নিউজপ্রিন্টের দাম আরেক দফা বৃদ্ধি করে। দাম বৃদ্ধির ফলে প্রতি টন নিউজপ্রিন্ট এখন ৫৫,২৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রতি টন নিউজপ্রিন্টের দাম ছিল ৪৯,০০০ টাকা। আর ২০০৫ সালের শুরুতে তা ছিল ৪২,০০০ টাকা।
বিপিআইএ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ৫০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত নিউজপ্রিন্ট ক্রয়ের ক্ষেত্রে সরকারের শুল্কমুক্ত সুবিধা ও অবশিষ্ট ৫০ শতাংশ ক্রয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ ট্যারিফ ছাড় দিলেও নিুমানের হওয়ার কারণে বাংলাদেশে উৎপাদিত নিউজপ্রিন্ট প্রকৃতভাবে কোন কাজে আসে না।
প্রথম আলোর হাফিজুর রহমান আরো বলেন, সংবাদপত্রের রঙ্গিন পাতার জন্যে স্থানীয়ভাবে উৎপাদিত নিউজপ্রিন্ট খুব বেশী উপযোগী নয়। স্থানীয়ভাবে উৎপাদিত নিউজপ্রিন্ট নিুমানের হওয়ায় তাই আমরা শুল্কমুক্ত সুবিধাটা নিতে পারছি না।
শিল্প সূত্র জানায়, কোন সংবাদপত্র প্রতিষ্ঠান তার চাহিদার ৫০ শতাংশ নিউজপ্রিন্ট স্থানীয় বাজার থেকে কিনলেই কেবল ওই সংবাদপত্রটি শুল্কমুক্ত সুবিধাটা ভোগ করতে পারবে। অন্যথায় ২৫ শতাংশ ট্যারিফ দিয়ে তাদেরকে নিউজপ্রিন্ট আমদানি করতে হবে। অবশ্য বাংলাদেশের অনেক সংবাদপত্র প্রতিষ্ঠান এটি নিয়মিতভাবেই করে থাকে।
বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদ কর্মকর্তারা বলেছেন, আমদানি শুল্কের ক্ষেত্রে ছাড় দিলে স্থানীয়ভাবে উৎপাদিত নিউজপ্রিন্টের দাম কমে যেতে পারে।
শিল্প সূত্র জানায়, বাংলাদেশের সংবাদপত্রগুলো সাধারণত দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, জাপান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া থেকে নিউজপ্রিন্ট আমদানি করে থাকে।
