২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার তিন দিনের সফরে ঢাকায় আসছে ইইউ’র উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রয়কার প্রতিনিধি দল

ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চ ক্ষমতা সম্পন্ন এক ট্রয়কা প্রতিনিধিদল সোমবার তিন দিনের সফরে ঢাকায় আসছে। ঢাকাস্থ ইউরোপিয়ান কমিশনের সূত্রে এই খবর জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 02:55 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ইউরোপিয়ান কমিশনের এক প্রেস বার্তায় বলা হয়েছে, এই সফরের সময় প্রতিনিধিরা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, মৌলবাদের উত্থান, দেশের আইন শৃংখলা পরিস্থিতি, দূর্নীতি ও মানবাধিকার বিষয়ে সরকার, প্রধান রাজনৈতিক দল ও আর্ন্তজাতিক কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করবে।

ইউরোপিয়ান ট্রয়কার এটাই বাংলাদেশে প্রথম সফর। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই দল ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রাখে।

এই দলের নের্তৃত্ব দেবেন অষ্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এশিয়া প্যাসিফিক বিষয়ক পরিচালক এবং ইইউ প্রেসিডেন্সি’র প্রতিনিধি নিকোলাস শের্ক। তার সঙ্গে থাকবেন, ইউরোপিয়ান কমিশনের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জেমস্ মোরান, ইইউ’র আসন্ন ফিনিশ প্রেসিডেন্সি’র প্রতিনিধি ও এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক পেখা মেটসো এবং অভিন্ন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধির পক্ষে মাইকেল সোয়ান।

ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে ‘আর্ন্তজাতিক অন্যতম ঘনিষ্ঠ সহযোগী’ হিসেবে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইইউ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে সবর্দা সচেষ্ট।

এতে আরো বলা হয়, ইইউ’র সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, যার মধ্যে ২০০১ সালের অংশীদারিত্ব ও উন্নয়ন বিষয়ক সহযোগিতামূলক চুক্তি উল্লেখযোগ্য। ২০০১ সালের অংশীদার ও উন্নয়ক বিষয়ক সহযোগিতামূলক চুক্তির বিষয়টিও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।