২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসেফ কার্যনির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী ২০০৬ সালের জন্য জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) কার্যনির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

কার্যনির্বাহী বোর্ডের ২০০৬ সালের প্রথম নিয়মিত সেশনে সোমবার ড. চৌধুরী এ পদে নির্বাচিত হন।

ভাইস প্রেসিডেন্ট পদটির জন্য এশিয়ান গ্রুপ তাকে মনোনয়ন দিয়েছিল।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. চৌধুরী বলেন, সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের এটি বড় স্বীকৃতি। বিশেষ করে শিশুদের কল্যাণসহ এসব খাতে আমরা যে অগ্রগতি অর্জন করেছি এটি তারও স্বীকৃতি।

তিনি বলেন, শিশুদের প্রতি বার্ড ফ্লু’র মত হুমকির বিষয়গুলোর উপর আমাদের মনোযোগ দিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও অন্যান্য দেশকে দারুণভাবে প্রভাবিত করা আর্সেনিকের মত বিষয়গুলোর ব্যাপারে ইউনিসেফের মনোযোগ আকর্ষণ করার ব্যাপারে আমি কাজ করে যাব।