২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নিহত ৯ আহত শতাধিক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সোমবার কমপক্ষে ৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে মেহেরপুরে ৫ জন, গাজীপুরে ২ জন, চাপাইনবাবগঞ্জে ও মুন্সিগঞ্জে ১ জন করে নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান,  মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে শুকুরকান্দি এলাকায় সোমবার সকাল আটটায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি নিহতদের এবং আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিহত যাত্রী আরজিনা খাতুন রূপালী  (৩৩) পাবনার সাঁথিয়া উপজেলার মকবুল হোসেন মতিনের স্ত্রী। আহতদের মেহেরপুর এবং কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জেদ্দা পরিবহন বাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি গর্তে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পরপরই কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়।

গাজীপুর প্রতিনিধি জানান,  জেলার জয়দেবপুরের ভাওয়াল  জাতীয় উদ্যানের কাছে সোমবার সকালে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা- মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার দোগাছিতে রোববার রাতে গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায পিস্ট হয়ে রাহেলা (৪০) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া সোমবার বিকেলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়ায় দাউদকান্দিগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩৫ যাত্রি আহত হয়। এদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

অপর এক ঘটনায় মাওয়া বাসস্ট্যান্ডে গাংচিল পরিবহনের একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে মুমূর্ষূ অবস্থায় ঢাকা পাঠানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান,  সদর উপজেলার জামতলায় সোমবার সকাল ১১টায় সড়ক দূর্ঘটনায় এক জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে নাচোলগামী যাত্রীবাহী একটি বাস সকাল ১১টায় যান্ত্রিক ত্র“টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় অজ্ঞাতনামা পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

গুরুতর আহত চার জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার পালশায় অপর একটি সড়ক দূর্ঘটনায় দুই জন আহত হয়েছে। এক জনকে নবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধি জানান, জেলায় সোমবার সকাল সাড়ে আটটায় এবং দশটায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২২ জন আহত হয়েছে। যশোর চাচড়া বাবলাতলা এলাকায় সকাল সাড়ে আটটায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দশ জন আহত হয়।

সকাল সাড়ে দশটার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে যশোরমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে  অপর দূর্ঘটনাটি ঘটে। এতে তিন মহিলাসহ ১২ জন আহত হয়।

আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে যমুনা সেতুর ওপর দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ দুর্ঘটনার পর কমপক্ষে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

সকাল আটটার দিকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসদুটির সামনের ও পেছনের অংশ দুমড়ে মুছড়ে যায়।

যানবাহন চলাচল বন্ধ থাকায় যমুনা সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।