২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ৬ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ পুলিশ বাহিনীর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) পর্যায়ে সোমবার রদবদল হয়েছে। এ পর্যায়ে সরকার পুলিশের ছয় উচ্চ পদস্থ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে এবং তিনজনকে অন্যত্র বদলি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ডিআইজি নাইম আহমেদকে পদোন্নতি দিয়ে আরএমপি’র কমিশনার করা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ডিআইজি মাজেদুল হককে পদোন্নতি দিয়ে সিএমপি’র কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত ডিআইজি সাঈদ শাহ জামালকে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) পরিচালক ও অতিরিক্ত ডিআইজি আমিনুল হককে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরের (পিএইচকিউ) ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া র‌্যাব- ১ এর কমান্ডিং অফিসার (সিও) মোহাম্মদ মনিরুজ্জামানকে বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত ডিআইজি সোহরাব হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) হাসান মাহমুদ খন্দকারকে রাজশাহীর সারদা পুলিশ প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি দেলোয়ার হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবং ডিএনসি’র ডিআইজি নব বিক্রম ত্রিপুরাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।