২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩৫

সিরাজগঞ্জে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় শনিবার দু’জন নিহত এবং পাঁচ পুলিশসহ প্রায় ৩৫জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ জানায়, ভোর ৫টায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে অপর একটি বাস ধাক্কা দিলে রংপুর জেলার খন্দকার পাড়া গ্রামের দোলেনা নামে একজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৫জন।

এছাড়া সকাল ৬টার দিকে একই স্থানের গোলচত্বর এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ১০জন যাত্রী আহত হয়। 

সিরাজগঞ্জ--বগুড়া সড়কের কুটিরচর এলাকায় ভোরে দুটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে গোলজার নামে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়।

অপরদিকে সিরাজগঞ্জ শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনের নতুন সড়কে ভোরে একটি পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে কমপক্ষে পাঁচজন পুলিশ আহত হয়।

আহত যাত্রীদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাগুলো ঘটে বলে আহত যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন।