বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জন, আহত ১০
বগুড়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং কমপক্ষে ১০জন আহত হয়েছে। বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ এবং টেম্পু উল্টে সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে সদর উপজেলার ঘোগা ব্রিজের উত্তরে কুমিল্লা থেকে রংপুরগামী বাস (চাঁদপুর-জ-০৪-০০১০) ও ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাকের (কুষ্টিয়া-ট-০৫-০১৫৪) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী নিলম, মনির ও অজ্ঞাত পরিচয় একজন নিহত হন।
আহত মিজানুর রহমান, আফসার আলী (৫০), জমির উদ্দিন (৩৫), শাহীনুর (১৮), কলিম (৪৫) ও রিপনকে (৪৫) মুমূর্ষ অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তির পর মিজানুর রহমান মারা যায়।
অন্যদিকে সোমবার দুপুরে বগুড়া-নাটোর সড়কে নন্দিগ্রামগামী একটি টেম্পু অন্য একটি টেম্পুকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে টেম্পুটি সড়কের পাশে উল্টে গেলে নাজিম উদ্দিন খান চৌধুরী রাজা নামে একজন নিহত এবং অপর একজন আহত হয়।
এছাড়া সোমবার ভোর সাড়ে ৩টার দিকে বগুড়া শহরমুখি একটি ট্রাককে (বগুড়া-ড-১১-০৮১৫) শহরতলীর মাটিডালি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের হেলপার এনামুল ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে সংশি¬ষ্ট থানাগুলোতে পৃথক অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলো- নিলফামারীর জলঢাকা উপজেলার মজিদপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৫), রংপুর সদরের চুড়িপট্টি এলাকার এন্তাজ আলী ব্যাপারীর ছেলে মনির হোসেন (২২), ১০৫নং কুমিল্লা হাউজিং এস্টেটের কিয়াম উদ্দিনের মেয়ে সোহানা মাহজাবিন নিলম (১৩), বগুড়া শহরে শিববাটি এলাকার মৃত কফিল উদ্দিন খান চৌধুরীর ছেলে নাজিম উদ্দিন খান চৌধুরী রাজা (৫৩) ও শহরতলীর করতকোলা গ্রামের চাঁন মিয়ার ছেলে এনামুল (১৮)।
