২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম পড়ে যাওয়ায় বেক্সিমকো উদ্বিগ্ন

লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসই) শেয়ার বাজারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দাম স্থিতিশীল থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম পড়ে যেতে শুরু করায় কোম্পানিটির ব্যবস্থাপনা পর্ষদ উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে এলএসই’র অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট--এর মাধ্যমে বেক্সিমকো দুই কোটি গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) সরবরাহ করে এলএসই থেকে কোম্পানিটি ২১ মিলিয়ন মার্কিন ডলার উত্তোলন করতে সমর্থ হয়েছে, যা লক্ষ্যমাত্রার (৪৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) ৪৫ শতাংশ।

জিডিআর চালু হওয়ার দিন থেকেই বেক্সিমকোর শেয়ারের মূল্য ঢাকা ও লন্ডন স্টক একচেঞ্জে একই ছিল। কিন্তু পরবর্তী দুই মাসে বেক্সিমকোর শেয়ারের দাম কমতে শুরু করে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক জরিপ অনুযায়ী ২০০৫ সালের ২১ অক্টোবর লন্ডন স্টক একচেঞ্জে জিডিআর--এর শেয়ারের দাম ছিল ৭৭ দশমিক ১ টাকা। আর ২৯ ডিসেম্বরে তা ছিল ৭৬ দশমিক ৮ টাকা। অপরদিকে ঢাকা স্টক একচেঞ্জে অক্টোবরের ২০ তারিখ জিডিআর--এর দাম ৭৪ দশমিক ৯ টাকা থাকলে ২৯ ডিসেম্বর তা কমে গিয়ে ৫৮ টাকায় দাঁড়ায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল হাসান বিডিনিউজকে জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জে কেন বেক্সিমকোর শেয়ারের দাম কমলো, তা আমরা জানি না। লন্ডনের কোনো বিনিয়োগকারী যদি আমাদের কাছে ঢাকার শেয়ার বাজারে দাম কমে যাওয়ার ব্যাপারে জানতে চায়, তাহলে আমরা কোনো সদুত্তর দিতে পারবো না।

তিনি বলেন, চলতি সময়ে আমাদের কোম্পানির নৈপুণ্য খুব ভাল ছিল এবং আমাদের পূর্বপরিকল্পিত সকল কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়েছে।

এ ব্যাপারে সিপিডি’র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, এলএসই’তে জিডিআর--এর বিক্রি শুরু হওয়ার পর ডিএসই ও এলএসই এ দুইয়ের মধ্যে বেক্সিমকোর শেয়ারের দামের পার্থক্য ছিল তিন শতাংশের কম।

সিপিডি’র জরিপে আরো বলা হয়, অথচ দুই বাজারের মধ্যে শেয়ারের দামের পার্থক্য দুই মাসে ৩২ শতাংশ গিয়ে দাঁড়ায়।

খন্দকার মোয়াজ্জেম বলেন, কোম্পানির ভবিষ্যত সম্পর্কে বিনিয়োগকারীদের উচ্চ প্রত্যাশার কারণে শেয়ারের দামের ক্ষেত্রে এরকম হেরফের ঘটে থাকতে পারে। আর আন্তর্জাতিক অঙ্গন থেকে যে রকম সাড়া পাবে বলে কোম্পানিটি আশা করেছিল, সে রকম সাড়া না পাওয়াও শেয়ারের দাম কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ।

দুই বাজারের মধ্যে অপ্রতিসম তথ্যের সমস্যার কারণে দামের হেরফের ঘটে থাকতে পারে বলে খন্দকার মোয়াজ্জেম মন্তব্য করেন।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশিত মাত্রায় সাড়া না পাওয়ায় বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম কমে থাকতে পারে।

ইকুইটি পার্টনার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসের অভারেবর কারণে লন্ডন ও ঢাকার শেয়ার বাজারে বেক্সিমকো ফার্মার শেয়ারের দামের ক্ষেত্রে এ পার্থক্য হয়ে থাকতে পারে।

২০০৪ সালে কোম্পানিটির প্রতিটি শেয়ারে লাভ হয়েছিল ৫ টাকা ২৬ পয়সা। আর তখন কর বাদে শেয়ার প্রতি মোট লাভ গিয়ে দাঁড়িয়েছিল ২৯৪ দশমিক ৩ টাকায়।