২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন পরিষদের এডিপি সহায়তা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ

ইউনিয়ন পরিষদের জন্যে এডিপির অনুদান বাড়াতে এবং এর জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি এলাকাভিত্তিক স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিশ্বব্যাংকের ঢাকার কর্মকর্তারা সোমবার বলেন, স্থানীয় সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এ প্রকল্পের আওতায় নিয়মিত ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট তৈরি এবং দক্ষতা মূল্যায়ন করা হবে।

বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, সরকার এখন প্রকল্পের খসড়া তৈরি করছে। এ মাসের শেষ দিকে বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সাথে এ নিয়ে আলোচনা করা হবে।

এতে আরও বলা হয়, বিশ্বব্যাংক ফেব্র“য়ারির প্রথমদিকে একটি প্রি-অ্যাপ্রাইজাল মিশনের পরিকল্পনা নিয়েছে। এটি পরবর্তীতে এলজিএসপি চূড়ান্ত করার ক্ষেত্রে সরকারকে সহায়তা করবে।

দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) লক্ষ্য অর্জনে সরকার স্থানীয় সরকার ব্যবস্থা, বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলো জোরদার করার কাজ শুরু করেছে।

বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষ করে গ্রামাঞ্চলে খুবই দুর্বল বলে উল্লেখ করে বিশ্বব্যাংক।    

বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের সম্পদ সীমিত, রাজস্ব আয় বৃদ্ধির ক্ষমতা কম এবং কেন্দ্রীয় সরকার কীভাবে তার সম্পদ ব্যবহার করবে, সে ব্যাপারে মতামত প্রদানের কোনও ক্ষমতা নেই।

এলজিএসপি’র উন্নয়ন লক্ষ্য হচ্ছে, উন্নয়ন অগ্রাধিকার এবং স্থানীয় মৌলিক সেবার চাহিদা সম্পর্কে স্থনীয় জনগণের পছন্দ অপছন্দ তৈরির জন্যে তাদের ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকারের সক্ষমতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং এলাকার অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে অংশগ্রহণের জন্যে স্থানীয় সরকারের ক্ষমতায়ন।

চারটি উপায়ে এ উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা হবে। এগুলো হচ্ছে, স্থানীয় সরকারের কাছে অর্থ হস্তান্তর ও ভর্তুকি সাহায্য সম্পর্কিত নীতিমালা, স্থানীয় সরকারের জবাবদিহিতাকে প্রাতিষ্ঠানিকীকরণ, সকল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা তৈরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদার করা এবং নীতিমালা মূল্যায়ন।

এ প্রকল্পের নকশা তৈরিতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে (পর্যবেক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন) প্রধান করে সরকার একটি কমিটি গঠন করেছে।