২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে চাঁদাবাজি

ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও মানিকগঞ্জে ট্রাফিক পুলিশ বিভিন্ন পরিবহনে ব্যাপক চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ভুক্তভোগীরা জানায়, সাভার, মানিকগঞ্জ ও আরিচা ঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে এই চাঁদাবাজির ঘটনা ঘটছে।

একটি সূত্রে জানা গেছে, এভাবে চাঁদাবাজির মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ টাকা আদায় হয়। এর একটা বড় অংশই চলে যায় পুলিশের উপর মহলের কারো কারো কাছে। ভুক্তভোগীরা দাবি করেন, পুলিশের কোনো কোনো উর্ধ্বতন কর্মকর্তার সায়ের কারণেই প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটতে পারছে।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, এ পথে ট্রাক প্রতি ২০০ টাকা, বাস প্রতি ১০০-১৫০ টাকা, জিপ ও কোস্টার প্রতি ৩০-৫০ টাকা, অটোরিক্শা প্রতি ৫০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

গরুবাহী ট্রাক থেকে ৩০০-৪০০ টাকা এবং কাঁচা তরিতরকারিবাহী ট্রাক থেকে ৪০০-৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

এসব চাঁদার জন্যে টোকেনও দেওয়া হয় বলে তারা জানান।

ভুক্তভাগীরা জানান, চাঁদা দিতে অস্বীকার করলে তাদের নাজেহাল হতে হয়। ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ করার জন্যে তারা সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।